বড় জয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে অভিযান শুরু করল ভারত। দুবাইয়ে থাইল্যান্ডকে ৯৪ রানে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সেভাবে পরীক্ষার মুখে পড়তে না হলেও দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে থাই স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়লেন ভারতীয় ব্যাটাররা। যা পাকিস্তান ম্যাচের আগে চিন্তায় রাখবে হরমনদের।
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল থাইল্যান্ড। শেফালি ছাড়া কেউ ভারতীয় ইনিংসকে নির্ভরতা দিতে পারেননি। থাই স্পিনারদের পাল্টা আক্রমণে ৩৬ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন শেফালি। ২২ রান করেন প্রতীকা রাওয়াল। দুই থাই স্পিনার সুলিপর্ন লাওমি (৩ উইকেট) ও সুনীদা (২ উইকেট) মিলে ভারতের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ১৫৯ রান। জবাবে দীপ্তি (৩ উইকেট), নন্দিনী শর্মা (৩ উইকেট), শ্রী চরনীদের (২ উইকেট) বোলিং দাপটে থাইল্যান্ড মাত্র ৬৫ রানেই গুটিয়ে যায়। ভারতের পরের ম্যাচ বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন দীপ্তি শর্মার। মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেটশিকারি হলেন দীপ্তি।
















