লর্ডসে ইতিহাস ভারতীয় মহিলা ক্রিকেট দলের(India Women)। ঐতিহ্যের লর্ডসে এই প্রথম মহিলাদের কোনও টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হল। এই ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ‘ওমেন্স ইন ব্লু’ জিতল ২৭০ রানে।
সোমবার টেস্টে ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট। খেলা শুরুর চার ওভারের মধ্যেই বিপক্ষের একটি উইকেট ফেলে দেন স্নেহ রানা। সোফি একলেস্টোনের প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে। হরমনপ্রীত ব্রিগেড লর্ডসে নয়া নজির গড়লেন।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান তোলে। ৮৩ রানে আউট হন স্মৃতি মন্ধানা। জবাবে ১৭০ রানে অলআউট ইংল্যান্ড। মাত্র ৩৭ রান দিয়ে ৫ উইকেট তোলেন ক্রান্তি গৌড়। ১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ভারতীয় মহিলা ব্রিগেড। হরমনপ্রীতেরা ৭ উইকেটে ৩৪১ রান তুলে ডিক্লেয়ার করেন।
১৫৮ বলে ১৪টি চার মেরে ১১৩ রানের ইনিংস খেলেন যস্তিকা ভাটিয়া। সেই প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে লর্ডসের অনার্সে বোর্ডে নাম তোলেন। রিচা ঘোষ ঝোড়ো অর্ধশতরান করেন। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৫৭ রানের লক্ষ্য রাখেন তাঁরা। জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৮৬ রানে।স্নেহ রানা তিনটি, ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা দু'টি করে উইকেট নেন।
১৮৮৪ সাল থেকে এই মাঠে টেস্ট ক্রিকেট হচ্ছে। ১৪১ বছর পর প্রথম বার আয়োজিত হল মহিলাদের টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের মহিলা টেস্ট লর্ডসে অনুষ্ঠিত ১৫১তম টেস্ট। এই ম্যাচে জয় পেল ভারতীয় মহিলা দল।
এই জয়ের মাধ্যমে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় মহিলা দলের টেস্টে অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ হল। এখনও পর্যন্ত সেখানে ১০টি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে তিনটিতে জয় এবং সাতটি ড্র। শেষ পাঁচটি টেস্টের মধ্যে এটি ভারতের চতুর্থ জয়।
















