ভারতীয়  হকি দলের জার্সির রঙ বদল নিয়ে বিতর্ক চরমে। নীল নয়, এবার গেরুয়া জার্সিতে খেলবে  ভারতীয় হকি দল। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এই ইস্যুতে প্রশ্ন তোলেন। বিতর্কের মুখে পড়ে সাফাই দিল ভারতীয় হকি ফেডারেশন।

বিরোধী দলগুলির পক্ষ থেকে এই বিষয়ে প্রশ্ন তোলা হয়। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, জার্সির রং বদলানো ইতিহাস বদলে দেওয়ার চেষ্টারই অংশ। তাঁর কথায়, “ওরা ইউনিফর্ম বদলাক বা শিক্ষানীতির মাধ্যমে ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করুক— যা-ই করুক না কেন, এই দেশের তরুণরা তাদের মত স্পষ্ট করে দিয়েছে। যন্তর-মন্তরে জড়ো হওয়া যুবকদের বক্তব্যই আজ দেশের কণ্ঠস্বর।” শুধু প্রিয়াঙ্কা গান্ধী নয়, দলের প্রাক্তন অধিনায়ক ভিরেন রাসকিনহা তীব্র সমালোচনা করে বলেছেন,  হকি ইন্ডিয়া অনেক ভালো কাজ করেছে। কিন্ত এই কাজ সত্যি লজ্জার। ভারতীয় হকর ইতিহাসের সঙ্গে নীল রঙ জড়িয়ে আছে। সবাই এই রঙে দলকে দেখতে চায়  হঠাৎ কমলা (গেরুয়া) রঙের যুক্তিটাই বা কী?”

যদিও ভারতীয় হকি ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে,  খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেই নতুন রং বেছে নেওয়া হয়েছে। 


হকি ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, ‘খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের পরামর্শের ভিত্তিতেই জার্সির রং বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীল জার্সি অনেক সময় নীল টার্ফের সঙ্গে মিশে যাচ্ছিল, ফলে মাঠে পরিষ্কার ভাবে খেলোয়াড়দের দেখা কঠিন হচ্ছিল।’