শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় শিবিরে অশান্তু চোরাশ্রোত! একের পর এক সাপোর্ট স্টাফ ছাঁটাই হচ্ছেন। হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়েও দলের অন্দরে অসন্তোষ আছে, তার আভাসও পাওয়া যাচ্ছে।
জিম্বাবোয়ে সফরে রেকর্ড ক্যাচ ফস্কানোর কারণে কয়েক দিন আগেই টি দিলীপকে সরিয়ে ভারতের ফিল্ডিং কোচ করা হয়েছে শুভদীপ ঘোষকে। এ বার আরও চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এল। যা রীতিমতো উদ্বেগজনক। হেড কোচ গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়েই অখুশি দলের সিনিয়র ক্রিকেটারদের একাংশ। সিনিয়র ক্রিকেটাররা বোর্ডের কাছে এই বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।
সূত্রের খবর, গম্ভীরের প্রতি সিনিয়র ক্রিকেটারদের ক্ষোভ বাড়তে থাকে বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই। প্রথম টেস্ট জিতেও শেষ পর্যন্ত ৩-১ হারে ভারত, অত্যন্ত লজ্জাজনকভাবে। হারের জন্য দলের তারকা ক্রিকেটারদের উপর দায় চাপিয়ে দিয়েছিলেন গম্ভীর। একগুচ্ছ কড়া নীতি প্রণয়ন করেন। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি২০ বিশ্বকাপ জয়ের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুসারে, ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটার সরব হয়েছেন গম্ভীরের বিরুদ্ধে। ড্রেসিংরুমে তাঁর আচরণ, কোচিংয়ের ধরন-সমস্ত ইস্যু নিয়েই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। এবং সেটা করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং বিসিসিআইয়ের কিছু সদস্যের কাছে। তবে এরপরেও গম্ভীরকে সুযোগ দেবে বোর্ড।
তবে পরিস্থিতি যে কিছুটা বদল হয়েছে তা সহজেই অনুমেয় গম্ভীরের উপর আস্থা থাকলেও তাঁর পূর্ণ স্বাধীনতা আর নেই। বোর্ডের কর্তারা মনে করছেন, প্রাক্তন ভারতীয় ওপেনারকে তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত।
















