নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন (76th Birthday of PM Narendra Modi) উপলক্ষে আজ দেশ জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাইক র‍্যালি থেকে শুরু করে সেবা সংকল্প অভিযান, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় প্রদীপ জ্বালানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের হেভিওয়েট ব্যক্তিত্বরা ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় বাদ যায়নি ক্রীড়াজগতও। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়না থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকাররাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়া পেজে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকেও নরেন্দ্র মোদির ছবি পোস্ট করে শুভকামনা জানানো হয়েছে।  এদিন সমাজমাধ্যমের পাতায় বারবার ঘুরে ফিরে আসছে খেলাধুলার প্রতি মোদির ভালবাসার প্রসঙ্গ। দেশের প্রধানমন্ত্রীর ক্রিকেট অনুরাগের কথা সর্বজনবিদিত। কখনো রোহিত শর্মা- বিরাট কোহলিদের সঙ্গে দেখা করতে ভারতীয় টিমের ড্রেসিংরুমে পৌঁছে গেছেন তো আবার ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর প্রত্যেকের সঙ্গে দীর্ঘ সময় ধরে খোশ মেজাজে গল্প করতেও দেখা গেছে তাঁকে। অলিম্পিক কমনওয়েলথ পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আবার সিকিমে গিয়ে ফুটবল খেলতে নেমে পড়েছেন। গুজরাটে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন ২০২৩ সালে। সেই নরেন্দ্র মোদির যে নিজের ক্রিকেট দল ছিল, জন্মদিনে সেই খবর ফাঁস হয়েছে। 

দেশের প্রধানমন্ত্রী কে নিয়ে অরবিন্দ চতুর্বেদী যে তিনটি বই লিখেছেন সেখানে মোদির জীবনের নানা কাহিনী উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর ছোটবেলার গল্প বলতে গিয়ে অরবিন্দ জানান,'মোদি খুব ভালো ক্রিকেটার ছিলেন নিজস্ব একটা ক্রিকেট দল ছিল। সব সময় সকলকে নিয়ে খেলাধুলা করতে ভালোবাসতেন।' প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনের সকাল থেকে সমাজ মাধ্যম জুড়ে বারবার সেই সাক্ষাৎকারের ক্লিপ এবং মোদির ক্রিকেট প্রেমের প্রসঙ্গ চর্চায় রয়েছে। তবে শুধু খেলাধুলা নয় প্রধানমন্ত্রী যে সিনেমা দেখতেও যথেষ্ট পছন্দ করতেন, সে কথাও জানান অরবিন্দ।