ইরানের রাজধানী তেহরানে দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়াই অংশ নিলেন একাধিক মহিলা। ‘তেহরান ১০কে’ নামে ওই প্রতিযোগিতার মহিলা বিভাগে মাথা না ঢেকেই প্রতিযোগীদের দৌড়ানোর ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে(ভিডিয়ো গুলির সত্য়তা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
তেহরানের ভেলায়েত পার্কে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বিভাগ ছিল। তবে মহিলাদের পোশাকবিধি নিয়ে আপত্তি তুলেছে ইরানের প্রশাসন। বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় দেশের প্রচলিত আইন ও ধর্মীয় পোশাকবিধি মানা হয়নি। এর জেরে আয়োজকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।
ইরানে জনসমক্ষে মহিলাদের হিজাব পরা দীর্ঘদিন ধরেই আইনি বাধ্যবাধকতার অংশ। তবে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর থেকে বহু মহিলা প্রকাশ্যে হিজাব না পরে প্রতিবাদ জানিয়ে আসছেন। এর আগেও ইরানে হিজাববিহীন মহিলাদের অংশগ্রহণকে কেন্দ্র করে একাধিক ক্রীড়া অনুষ্ঠান বিতর্কে এসেছে। কোথাও কোথাও প্রশাসনের তরফে গ্রেফতার ও আইনি পদক্ষেপের ঘটনাও সামনে এসেছে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়ার পর ২২ বছরের মাহসা আমিনির মৃত্যু গোটা ইরানে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করে। সেই আন্দোলনের প্রভাব ইরানের সামাজিক পরিসরেও পড়ে। তেহরানের সাম্প্রতিক দৌড় প্রতিযোগিতার ঘটনাও সেই পোশাকবিধি নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে ফের সামনে এনে দিয়েছে।
















