শনিবার ভোররাতের রুদ্ধশ্বাস ম্যাচের শেষে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের (Argentina vs Cabo Verde) মুখে হাসি ফুটেছে ঠিকই, কিন্তু আফ্রিকান দলের সামনে নিজেদের দক্ষতা নিয়ে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনিয়ান কোচকে। এইসব আলোচনার মাঝেই পরিসংখ্যানের দিকে তাকালে মন ভালো করার রেকর্ড। কারণ লিওনেল মেসির (Lionel Messi) ধারাবাহিক পারফরম্যান্স।

এদিন রাউন্ড অফ ৩২-র ম্যাচে যেভাবে পাহাড় প্রমাণ বাধা টপকাতে হল নীল- সাদা ব্রিগেডকে, তাতে একটা সময় সমর্থকদের হৃদস্পন্দন চরমে পৌঁছে গিয়েছিল বলাই বাহুল্য। তাই বলে মেসির রেকর্ড থেমে থাকেনি।  ২০২২ সালের পর এ বছর ইতিমধ্যেই সাতটি গোল করে ফেলেছেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের সংখ্যা ২০, অর্থাৎ এই ফরম্যাটে তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে পরপর ৮ ম্যাচে গোলের রেকর্ডও গড়লেন মেসি। শনিবারের ম্যাচের পর পরিসংখ্যান বলছে গত ৬০ বছরে প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউটে ১২টি গোলে অবদান রাখলেন এল এম ১০। এর মধ্যে ৬টি গোল নিজে করেছেন এবং ৬টি অ্যাসিস্ট করার রেকর্ড তাঁর দখলে।