শুরু হয়ে গিয়েছে ফুটবল মরশুম। একদিকে ডুরান্ড অন্যদিকে কলকাতা লিগ। এরইমধ্যে বল পায়ে মাঠে নামছেন ময়দানের ক্রীড়া সাংবাদিকরা। মার্লিন গ্রুপ(Merlin Group ) এবং ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের ( Calcutta Sports Journalists' Club) যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। আগামী ৬,৭ অগাস্ট হবে এই টুর্নামেন্ট। সোমবার টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন হল।

 সোমবার বিকেলে সিএসজেসি ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং অ্যালভিটো ডি'কুনহা। দুই ফুটবলারের উপস্থিতিতে টুর্নামেন্টের খেলার সূচি বা ফিক্সচার নির্ধারণের জন্য লটারি হয়।

 দু'দিনের এই ফাইভ-এ-সাইড ফুটবল প্রতিযোগিতাটি হবে মার্লিন গ্রুপের স্পোর্টস টাউনশিপ 'মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক'-এ। মোট ২৩টি দল এতে অংশ নেবে। খেলা দুটি বিভাগে হবে— প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক/ডিজিটাল মিডিয়া। প্রতিটি বিভাগ থেকে আলাদাভাবে একটি দল চ্যাম্পিয়ন হবে।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থাকছে প্রিন্ট মিডিয়া: এই সময়, সংবাদ প্রতিদিন, আজকাল, জাগো বাংলা, যুগশঙ্খ, সিএসজেসি, উত্তরবঙ্গ সংবাদ, ইস্টবেঙ্গল সমাচার, দৈনিক জাগরণ, ফটোগ্রাফার্স টিম, প্রেস ক্লাব এবং দ্য ইকো অফ ইন্ডিয়া।

 ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় থাকছে ; টিভি৯ বাংলা, আনন্দবাজার ডট কম, বিশ্ববাংলা সংবাদ, ইউটিউব বুলেটস, স্পিরিট অফ ময়দান, লেটস ফুটবল, আইএফএ টিভি, রেভস্পোর্টজ, তারা নিউজ, আজকাল ডট ইন এবং ইউটিউব ফাইটার্স।

 

 মার্লিন গ্রুপের  ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এই টুর্নামেন্ট নিয়ে বলেন "খেলাধুলা আমাদের একসঙ্গে কাজ করতে এবং শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়। সিএসজেসি-এর সাথে আমাদের এই উদ্যোগটি চালিয়ে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"

 মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাংভি বলেন "মার্লিন রাইজ-এ আরও একবার এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সংবাদমাধ্যমের বন্ধুদের আমরা এখানে স্বাগত জানাই।"