কলকাতা তথা বাংলা থেকে ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনতে আরও একটি অ্যাকাডেমি চালু করতে চলেছে মার্লিন রাইজ। রাজাহাটের মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক-এ  যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স  অর্থাৎ ওয়াইএসসিই থেকে অনেক নতুন প্রতিভা  উঠে এসেছে। এবার  কলকাতায় দ্বিতীয় ওয়াইএসসিই চালু করছে মার্লিন গ্রুপ ও ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং। আগামী ২৯ আগস্ট বাসন্তী রোডের বানতলায় অবস্থিত ওয়াইএসসিই  ক্লাব এরিনা তে এই  নতুন অ্যাকাডেমির উদ্বোধন হবে।

নতুন এই অ্যাকাডেমির মাধ্যমে বাংলা ও পূর্ব ভারতের তরুণ ক্রিকেটাররা পেশাদার প্রশিক্ষণ ও উন্নত পরিকাঠামোর সুযোগ পাবেন। প্রথম ট্রায়ালে ২০০-র বেশি তরুণ ক্রিকেটার অংশ নিয়েছে। তাঁদের মধ্যে ৬ জন প্রতিভাবান  ক্রিকেটারকে স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামী দিনে রেজিস্ট্রেশন ও চাহিদার ভিত্তিতে আরও ট্রায়ালের আয়োজন করা হবে। ওয়াইএসসিই  ক্লাব এরিনা -তে রয়েছে ১০,০০০ বর্গফুটের অত্যাধুনিক ইনডোর স্পোর্টস গ্রাউন্ড এবং ৩০,০০০ বর্গফুটের আউটডোর স্পোর্টস গ্রাউন্ড। এছাড়াও রয়েছে আধুনিক জিম ও ফিটনেস সুবিধা, অ্যাথলিটদের থাকার ব্যবস্থা, রেস্তোরাঁ ও ক্যাফে।

২০২৩ সালে পথ চলা শুরু করেছিল রাজাহাটের ওয়াইএসসিই  অ্যাকাডেমি। বর্তমানে ৬০০-র বেশি ক্রিকেটার প্রশিক্ষণ নিয়েছেন এই অ্যাকাডেমিতে। দ্বিতীয় কেন্দ্র চালুর ফলে পূর্ব ভারতের আরও বেশি তরুণ ক্রিকেটার পেশাদার ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ পাবেন। 

 বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ  সিং এই প্রসঙ্গে বলেন  “বাংলায় ক্রিকেটের প্রতি তরুণদের আগ্রহ ও প্রতিভা দেখে আমরা অত্যন্ত উৎসাহিত। ওয়াইএসসিই  ক্লাব এরিনা -এর মাধ্যমে আরও বেশি তরুণ ক্রিকেটারের কাছে  প্রশিক্ষণ পৌঁছে দিতে চাই।”

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর  সাকেত মোহতা বলেন, “দ্বিতীয় ওয়াইএসসিই  চালু করতে পেরে আমরা গর্বিত। বিশ্বমানের কোচিং ও পরিকাঠামোর মাধ্যমে বাংলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে আমরা সাহায্য করতে চাই।”