মঙ্গলবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা(Argentina vs Egypt)। মেসি(Messi) বনাম সালাহ দ্বৈরথের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।
নেইমার-রোনাল্ডো বিদায় নিয়েছেন, এবার নজরে মেসি-সালাহ। ইতিমধ্যেই মেসির নামের পাশে সাত গোল। বয়সকে হার মানিয়ে মেসি যেন এখনও ১৮-র তরুণ। শেষ ম্যাচে আর্জেন্টিনাকে জিততে খেলতে হয়েছে ১২০ মিনিট পর্যন্ত। কাবো ভার্দের বিরুদ্ধে ১২০ মিনিট খেললেও মেসি পুরো সুস্থ বলেই জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর কথায়, “লিও একেবারে সুস্থ। ও আমাকে এখনও কিছু বলেনি। তার মানে ও খেলবে। ও আমাদের বড় ভরসা। কিন্তু বাকিদেরও দায়িত্ব নিতে হবে।”
মাঠের বাইরেও সমান চর্চায় মেসি। আর্জেন্টাইন মহিলা সাংবাদিক সোফি মার্তিনেজের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু প্রোফাইলে দাবি করা হয়, সোফি সঙ্গে মেসির পরকীয়া সম্পর্ক রয়েছে। যদিও আর্জেন্টাইন মহিলা সাংবাদিক যাবতীয় গুঞ্জনকে গুজব বলেই দাবি করেছেন। সমাজ মাধ্যমে ভিত্তিহীন চর্চা যে উভয়ের পরিবারকে কষ্ট দিচ্ছে তাও উল্লেখ করেছেন সোফি।
এই ম্যাচে দলে বদল করতে পারেন স্কালোনি।ফরোয়ার্ডে লাউতারো মার্টিনেজ না জুলিয়ান আলভারেজ? সেটা নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে। মার্টিনেজ এখনও পর্যন্ত নিজের চেনা ফর্মে নেই। পারাদেসকে শুরু থেকে খেলাতে পারেন স্কালোনি, কারণ শেষ ম্যাচে ভালো খেলেছিলেন পারাদেস।
পিরামিডের দেশ মিশর শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ফলে তারা কোনও ভাবেই সহজে লড়াই ছাড়বে না। কাবো ভার্দে আর্জেন্টিনার দুর্বলতা দেখিয়ে দিয়েছে।
















