আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে আর দেখা যাবে না রাজপুত্রকে। তবে কলকাতা তথা বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য আশার আলো। আগামী বছর ফের ম্যাজিশিয়ান সামনে থেকে দেখার সুযোগ পেতে  পারেন বঙ্গবাসী।  

২০২৫ সালে কলকাতায় মেসির সফর ছিল কলঙ্কজনক অধ্যায়।  কিন্ত কলঙ্কের সেই অধ্যায়কে পিছনে ফেলে ই কলকাতায় মেসির ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখিয়েছেন ‘গোট ট্যুর’-এর আয়োজক শতদ্রু দত্ত।

আসলে আগামী বছর ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতি সারতে পারে দক্ষিণ এশিয়ায়। সেই দলের সঙ্গে আসবেন মেসিও। শতদ্রুর উদ্যোগেই ইন্টার মায়ামির ওই সফর কলকাতা এবং বাংলাদেশে হতে পারে।  যেহেতু ইন্টার মায়ামির সঙ্গে মেসি আসবেন ফলে মাঠে নামারও সম্ভাবনাও আছে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই মেসির টিমের সঙ্গে তাঁর কয়েক দফা বৈঠকও হয়েছে।অর্থাৎ এবার কলকাতার দর্শকদের সামনে মেসিকে বল পায়ে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও ইন্টার মায়ামির তরফে কলকাতা সফর বা মেসির খেলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

ফেসবুকে শতদ্রু লিখেছেন, আগামী অক্টোবর মাসে ১০ মাস পর মেসির সঙ্গে আমার দেখা হবে। ফলে আশার আলো দেখা যাচ্ছে। মেসিভক্তদের জন্য সুসংবাদ দিয়ে শতদ্রু বলেন, “আশা করছি আগামী বছর ফের মেসিকে আনতে পারব কলকাতায়। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।”

গত বছর ডিসেম্বর মাসে কলকাতা শহরে এসেছিলেন মেসি। যুবভারতীতে মেসি ইভেন্টের ঘটে ভয়ানক বিশৃঙ্খলা। তারপর কেটে গিয়েছে প্রায় নয় মাস। মামলা চলছে আদালতে। কিন্তু যারা কষ্ট করে টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন তারা এখনও টাকা ফেরত পাননি । যদিও কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন,  জোম্যাটো ডেলিভারি বয় থেকে শুরু করে সাধারণ তরুণ ভক্তেরা ৪,০০০, ৬,০০০ এমনকি ৮,০০০ টাকা দিয়ে টিকিট কেটে চরম প্রতারণার শিকার হয়েছেন। এই ৩৩ হাজার ভুক্তভোগী ক্রীড়াপ্রেমীর খোয়া যাওয়া টাকা কীভাবে ফেরত দেওয়া যায়, সেই বিষয়ে রাজ্য সরকার অভ্যন্তরীণ ভাবে জোরকদম আলোচনা ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে।