যাবতীয় অবসর জল্পনাকে দূরে সরিয়ে পিতৃশোক কাটিয়ে মাঠে ফি্রলেন লিও মেসি। সদ্য বাবাকে হারিয়েও ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। বরং তিনি খেলার মাঠকেই পিতৃশোক ভুলে থাকার মাধ্যম হিসাবে বেছে নিলেন। ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফিরলেন মেসি।
গত শনিবার পিতৃবিয়োগ হয়েছে মেসির। গতকাল জানা গিয়েছিল মেসি ছুটি নিয়েছেন ক্লাব ফুটবল থেকে। বৃহস্পতিবার ইন্টার মায়ামি ম্যাচে দেখা গেল চমক। কিন্তু দলের রিজার্ভের তালিকায় তাঁকে দেখে সকলে অবাক হয়ে যান। খেলা শুরুর আগে হালকা অনুশীলন করতেও দেখা যায় মেসিকে।
দ্বিতীয়ার্ধে দেখা যায়, মেসি নামার জন্য তৈরি হচ্ছেন। তখনই চিৎকার শুরু করেন ইন্টার মায়ামির সমর্থকেরা। স্টেডিয়ামে কান পাতা দায় হচ্ছিল। সকলে মেসির নাম ধরে চিৎকার করছিলেন। অবশ্য মাঠে নেমেও দলকে জেতাতে পারেননি মেসি। ২-৩ গোলে হারে মায়ামি। মেসির খেলা দেখে বোঝা যাচ্ছিল, পিতৃশোক থেকে এখনও পুরোপুরি বার হতে পারেননি। তাঁর খেলাতেও সেই জাদু দেখা দেখা গেল না।
এদিকে, সমাজমাধ্যমে প্রথম বার্তা দিয়েছেন মেসি। সেখানে অবসরের ইঙ্গিত যেমন রয়েছে, তেমনই রয়েছে বাবাকে হারানোর যন্ত্রণা।
বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মেসি। সেখানে লিখেছেন, বাবা, এখনও বিশ্বাস করতে পারছি না যে, তুমি নেই। তোমাকে আর কোনও দিন দেখতে পাব না। এটা ভাবাও কঠিন। জানি, তুমি কষ্ট পাচ্ছিলে। হয়তো এটাই তোমার জন্য ভাল হয়েছে। কিন্তু তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে! আর একটু অপেক্ষা করতে পারলে না? আমাদের একসঙ্গে উপভোগ করার মতো কত কিছু যে বাকি রয়ে গেল!
মেসি আরও লিখেছেন, তুমি আমাকে বারবার বলেছিলে, আর একটা বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে তোমার শারীরিক অবস্থার অবনতি হল। মা বারবার বলেছিল, তুমি সুস্থ হয়ে উঠবে এবং ভ্রমণ করার মতো অবস্থায় চলে আসবে। আমি তোমাকে বলতাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে থাকতে পারো। প্রতিটি ম্যাচের পর তোমার বার্তার অপেক্ষায় থাকতাম, তোমার এসএমএস খুব মিস করতাম। তখনই বুঝতে পারলাম, পরিস্থিতি কতটা গুরুতর।
মেসি আরও লিখেছেন, তোমাকে ছাড়া কী করব, জানি না। কীভাবে সামনে এগিয়ে যাব, তা-ও জানি না। সারাজীবন শুধু আমি ফুটবলই খেলেছি। এখন আর কত দিন তা চালিয়ে যেতে পারব, তা নিয়ে আমার মনে সন্দেহ জাগছে। শুরু থেকে তুমি আমার পাশে ছিলে। শেষ সময়ের তো সামান্যই বাকি ছিল। কেন আর একটু অপেক্ষা করতে পারলে না? তাহলে আমরা দু’জনে একসঙ্গে শেষটা দেখতে পারতাম।
















