২০২২ সালের  পর টানা দ্বিতীয়বার  বিশ্বকাপ জয়ের দুয়ারে আর্জেন্টিনা।  নীল সাদা ভক্তদের স্বপ্নের সওদাগরের  নাম লিও মেসি।  চার বছর আগে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছে, কিন্ত অবসরের জল্পনার মধ্যেই চার বছর ধরে খেলেছেন। রবিবার রাতে নীল  সাদা জার্সিতে শেষবার খেলতে নামছে লিও, ভক্তদের জল্পনার মধ্যে অধ্যাবসায় এবং অনুশাসনের পৃথিবীতে লক্ষ্যে অবিচল মেসি।

বিশ্বকাপ জিতে মারাদোনাকে আগে ছুঁয়েছেন , এবার কিংবদন্তিকে ছাপিয়ে নতুন ইতিহাস লেখার সামনে   মেসি। বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া কোনও কিছুই তাঁকে থামাতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেও লক্ষ্য এবং প্রস্তুতিতে অবিচল থাকলেন আর্জেন্টাইন মহাতারকা। শনিবার আর্জেন্টিনার অনুশীলনের সময় প্রবল বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের পূর্বাভাসও ছিল। কিন্তু অনুশীলন বাতিল করেননি আর্জেন্টিনার দল। স্কালোনি গোটা দলকে নিয়েই অনুশীলন করান। আপত্তি করেননি মেসিও। সতীর্থদের সঙ্গে চুটিয়ে প্রস্তুতি সারলেন। কে বলবে ৩৯ বছরের মেসি অবসরের দুয়ারে দাড়িয়ে।

মাঠে যখন কঠোর অনুশীলন করছেন, তখন মাঠের বাইরে মেসির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ফাইনালের ঠিক আগে সমাজমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন মেসি। ইনস্টাগ্রামে গোটা দলের একটি ছবি শেয়ার করেছেন এলএমচেন। যেখানে ফুটবলারদের পাশাপাশি রয়েছেন দলের সাপোর্ট স্টাফরাও। এই ছবি প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়েছে স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি।

যদিও মেসিকে নিয়ে জল্পনা বিন্দুমাত্র দলের মধ্যে প্রবেশ করতে দিচ্ছেন না স্কালোনি। আর্জেন্টিনা কোচের মতে, ফাইনালের আগে মেসির অবসর নিয়ে আলোচনা করার এটি সঠিক সময় নয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হতে পারে। স্কালোনি মেসির অবসর নিয়ে বলেন"আমি কী করে জানব? ওকেই জিজ্ঞেস করুন। সত্যি বলতে, আমার কোনও ধারণাই নেই। মেসি সবসময়েই আমাদের চমকে দেয়।"