আইএফএ শিল্ড শুরুর আগেই সমস্যা। এবার শিল্ড থেকে নাম প্রত্যাহারের হুঁশিয়ারি দিল মহমেডান স্পোর্টিং ক্লাব। শনিবার সমাপ্ত হয়েছে কলকাতা লিগ। মহমেডানকে হারিয়ে কলকাতাতে লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। কিন্তু সেই ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

 মিনি ডার্বিতেই হয়েছে কলকাতা লিগের ফয়শালা। ৩-২ গোলে জেতে সবুজ মেরুন। মোহনবাগানের তৃতীয় গোল নিয়ে প্রথম থেকে অফ সাইডের দাবি জানিয়ে এসেছে মহমেডান।  সায়ন বন্দ্যোপাধ্যায়ের করা তৃতীয় গোলটি অফসাইড বলে দাবি করেছে সাদাকালো ব্রিগেড।  এরই প্রতিবাদে আসন্ন আইএফএ শিল্ড থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন ক্লাবে সচিব ওয়াসিম আক্রম।  তিনি জানিয়েছেন, জঘন্য রেফারিংয়ের প্রতিবাদে আমরা আইএফএ শিল্ড থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি। ইতিমধ্যেই আমরা ইমেল করে আমাদের সিদ্ধান্ত আইএফএকে জানিয়ে দিয়েছি। শুধু অনেক কষ্ট করে আমরা দলটাকে এই জায়গায় এনেছি। কিন্তু জঘন্য রেফারিংয়ের শিকার হলাম আমরা। আমাদের সমর্থকদের সঙ্গেও অন্যায় করা হয়েছে। 

 যদিও আইএফএ এখনও সরকারি ভাবে মহমেডানের পক্ষ থেকে এই ধরনের কোন ই-মেল পাওয়ার কথা স্বীকার করা হয়নি।  যদিও সূত্রের খবর অনুসারে ইতিমধ্যেই বিকল্প ভাবনা শুরু করে দিয়েছে। আইএফএ-র কলকাতা লিগে ভালো খেলা দুই দলের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে শিল্ডে অংশগ্রহণ করার জন্য। কলকাতা লিগে মহামেডানের  সঙ্গে গ্রুপে আছে পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে যাবে। মহমেডান না খেললে এবং তার জায়গায় অন্য কোন দল অন্তর্ভুক্ত না হলে সরাসরি পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছে যাবে।  ফলে শিল্ডের জৌলুস অনেকটাই কমে যাবে।

শিল্ডে সিনিয়র দল খেলানোর ব্যাপারে আগ্রহী নন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসও। এমনটাই জানা গিয়েছে। তবে কয়েকজন ফুটবলারকে শিল্ডে খেলার জন্য ছাড়ার বিষয়ে কোচের সঙ্গে বৈঠকে বসবেন কর্তারা।

 এদিকে, সেমিফাইনালে বাংলা। টানা তিন ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে থেকে জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ড. টি আও ট্রফির সেমি ফাইনালে পৌঁছল বাংলা । আজ সকালে রাজস্থান কে ১-০ গোলে হারালো তারা। ম্যাচের প্রথমার্ধে ৪০ মিনিটে দিয়া বিশ্বাস জয় সূচক গোলটি করেন।