মঙ্গলবার থেকে দুই প্রধানই নতুন কোচের অধীনে অনুশীলন শুরু করল। মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস(প্যানোস)। রবিবারই শহরে এসেছেন বাগানের নতুন হেডস্যার। মঙ্গলবার মোহনবাগান মাঠে অনুশীলন হওয়ার কথা থাকলেও তা বদলে যুবভারতীতে স্থানান্তরিত হয়। সিনিয়র দলের ফুটবলারদের প্রথম ক্লাস নেন প্যানোস। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন অ্যালেক্স সাজিও।
সকালে এসেই বিকেলে ইস্টবেঙ্গল এফসির অনুশীলনে যোগ দিলেন হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস সহ সহকারী কোচ ও ফিজিও। মঙ্গলবার ভোরে শহরে আসেন হাবাস। এর আগে এটিকে, মোহনবাগানে কোচিংয় করিয়েছেন এই স্পেনীয় প্রশিক্ষক। লাল হলুদের হেড স্যার হিসাবে অভিষেক হবে আগামী ২৫ জুলাই, ১৩৫তম ডুরাণ্ড কাপের উদ্বোধনী ম্যাচে, নিজের পুরোনো ক্লাব মোহন বাগানের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে। তাঁর সঙ্গে আসেন ইস্টবেঙ্গলের নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আলেসান্দ্রো স্যাঞ্চেজ।বুধবার রাতে কলকাতায় আসবেন মহম্মদ রশিদ।
এগিকে, কলকাতা লিগের ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানাল ভবানীপুর ক্লাব। তাদের বক্তব্য, তৃতীয় রাউন্ডের পরিবর্তে ঐদিন নবম রাউন্ডের ম্যাচ দেওয়া হয়েছে, যার জন্য তারা প্রস্তুত নয়। এদিকে ১৯ জুলাই প্রবল বৃষ্টিতে খেলার জন্য ফুটবলাররাও পুরো ফিট নয়। এর জবাবে আইএফএ পালটা মেইলে জানিয়েছে, গত ১০ জুলাইয়ের বৈঠকে ক্লাবদের জানানো হয়েছিল যে সিকোয়েন্সের পরিবর্তন হতে পারে ডুরান্ড কাপ খেলতে চলা ক্লাবদের সুবিধার্থের জন্য।
আইএফএ জানিয়েছে, এমন কারণের জন্য দ্রুত তারা লিগ শেষ করতে চাইছে এবং নিয়মমাফিক ৪৮ ঘন্টার ব্যবধান দেওয়া হচ্ছে। এর উত্তরে ভবানীপুর জানায়, কেন আইএফএ অতীতের এই ঘটনাকে তুলে আনছে এবং ২১ জুলাই ইস্টবেঙ্গলের খেলাকে স্থগিত করতে পারলে কেন বাকি ক্লাবদের ক্ষেত্রে আইএফএ সেটা করতে পারছে না।কলকাতা লিগের সূচি নিয়ে হতাশ জর্জ টেলিগ্রাফ কোচ ব্যারেটো।
















