ডুরান্ড কাপের (Durand Cup) গ্রুপ পর্বেই ডার্বি ম্যাচ। বুধবার ডুরান্ড কাপের গ্রুপ পর্ব ঘোষিত হল। গ্রুপ এ-তেই কলকাতার দুই প্রধান রয়েছে।
আসন্ন ডুরান্ড কাপে (Durand Cu)একই গ্রুপে পড়ল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি(East bengal) ও মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun bagan)। গ্রুপ এ-তে দুই প্রধানের সঙ্গে পড়েছে সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ হতে পারে ৮ বা ৯ অগাস্ট।
আসন্ন ডুরান্ড কাপে নেই গতবারের রানার্স আপ ডায়মন্ড হারবার এফসি। ডুরান্ড কাপ পরিচালনা করে সেনা বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে আমন্ত্রণ জানানোই হয়নি। আইএসএল ক্লাবদের মধ্যে শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লি খেলছে।
ডুরান্ড কাপের আগে সমস্যায় ক্লাবগুলো৷ বিদেশি ফুটবলারদের আনার জন্য প্রয়োজনীয় ভিসার ছাড়পত্র দেয়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এছাড়াও ডুরান্ড কাপ, আইএসএল ও আইএফএলে কতজন বিদেশি খেলানো যাবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্টতা আসেনি। ফলে বিদেশি ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে সমস্যায় ক্লাবগুলো।
আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণ, যার ফাইনাল হবে ২৩ আগস্ট। ২৪ টি দল নিয়ে পাঁচটি শহরে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ এবারের ডুরান্ডের ম্যাচগুলি হবে কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা-মুন্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লুম্পাক স্টেডিয়াম ও শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
















