ডুরান্ড কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার যুবভারতীতে মোহনবাগানের সামনে ছন্দে থাকা জামশেদপুর এফসি। দু’দিন আগেই তাদের চুক্তিবদ্ধ ১২ জন ফুটবলার স্বস্তি পেয়েছেন ক্লাবের মালিকানা বদলের খবরে। কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ইস্পাত নগরীর দলটি। মোহনবাগান আবার ডার্বি-সহ জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে থেকে নক আউট পর্বে উঠেছে। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা না পাওয়ায় ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে নামার আগে ক্ষোভে ফুঁসছে সবুজ-মেরুন শিবির। জামশেদপুর ম্যাচের আগের দিন অসন্তোষ গোপন করলেন না মোহনবাগান কোচ পানাজিওটিস দিলমপেরিস।
সাংবাদিকদের সামনে মোহনবাগানের গ্রিক কোচ পরোক্ষে বুঝিয়ে দিলেন, তাঁর দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হয়তো ভুল করেছে। পানোসের কথায়, আমি ভেবেছিলাম, গ্রুপ সেরা হওয়ার সুবিধা পাব। কিন্তু সেমিফাইনালে উঠলে আমাদের বাইরে গিয়ে খেলতে হবে। ফাইনালে উঠলে ছ’দিনে তিনটি আইএসএল টিমের বিরুদ্ধে খেলতে হবে। তবে আমরা মোহনবাগান। এটা নিয়ে কান্নাকাটি করতে চাই না। আমরা প্রস্তুত।
মোহনবাগান সোমবার জামশেদপুরকে হারালে সেমিফাইনালে খেলবে নর্থইস্ট ইউনাইটেড বনাম শিলং লাজং ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনদের খেলতে যেতে হবে শিলংয়ে। অথচ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মোহনবাগান আশা করেছিল, তারা নক আউটে সব ম্যাচ যুবভারতীতেই খেলবে। যে সুবিধা রানার্স হয়ে পাচ্ছে ইস্টবেঙ্গল।
আপুইয়া ও ম্যাকলারেন সম্পূর্ণ ফিট। দু’জনকেই জামশেদপুরের বিরুদ্ধে পাওয়া যাবে। তবে ব্রাজিলিয়ান মিডিও মিগুয়েল ফিগুয়েরা এখনও ফিট নন। তাঁকে ছাড়াই খেলবে মোহনবাগান। চোট সারিয়ে দলে যোগ দেওয়া লালিয়ানজুয়ালা ছাংতে অবশ্য ডুরান্ডে নেই। তবে সামির জেলকোভিচ কিছুটা গেম টাইম পেতে পারেন। নক আউট ম্যাচ মাথায় রেখে এদিন পেনাল্টি অনুশীলনও করেন সাহালরা।
প্রতিপক্ষ জামশেদপুরকে সমীহ করছেন পানোস। তিনি বলেন, ওদের আক্রমণভাগ ভাল। তবে ওদের দুর্বলতা কাজে লাগাতে হবে।
এদিকে, মহামেডান বনাম পুলিশ এসি-র মধ্যে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে স্থগিত হয়েছিল সপ্তাহ দেড়েক আগে। ৫৩ মিনিটে খেলা বন্ধ হওয়ার সময় ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। সোমবার মহামেডান মাঠেই স্থগিত হওয়া সেই ম্যাচ একই জায়গা থেকে শুরু হবে। লিগের নিয়মানুযায়ী বাকি ৩৭ মিনিট ও যোগ করা সময়ের খেলা হবে। জিতলে ফের গ্রুপ শীর্ষে উঠবে মহামেডান। মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেছেন, ছেলেরা আত্মবিশ্বাসী। আমাদের আরও উন্নতি করতে হবে। অল্প সময়ের বাকি ম্যাচ। ছোট ভুলও সমস্যায় ফেলতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
















