ডুরান্ড সেমিফাইনালে শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছে। কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে মোহনবাগান শিবির ঠিক কতটা চনমনে? চোটের জন্য শিলং যেতে পারেননি দেজন দ্রাজিচ। অবশ্য দলের সঙ্গে গিয়েছেন লাললিয়ানজুয়ালা ছাংতে আর মিগুয়েল ফিগুয়েরা। সন্ধ্যায় ফ্লাডলাইটে খেলা হবে। সেক্ষেত্রে একই পরিবেশে অনুশীলন করতে চেয়েছিলেন জেমি ম্যাকলারেনরা। সেই সুযোগ মেলেনি। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে অনেকগুলো বিষয় ভাবাচ্ছে মোহনবাগানের কোচ প্যনাজিওটিস দিলেমপেরিসকে।

ঘরের মাঠে বরাবরই ভয়ংকর নর্থ ইস্ট। সেক্ষেত্রে বিগত ম্যাচে যেভাবে গোল মিসের প্রদর্শনী দেখিয়েছে বাগান শিবির, তাতে রক্ষণের উপর চাপ বাড়ছে।বিদেশিহীন জামশেদপুর এফসির বিরুদ্ধেও সাডেন ডেথে বহু কষ্ট করে জয় পেয়েছেন সাহালরা। কোয়ার্টার ফাইনালের পারফরমেন্স নিয়ে মোটেও খুশী ছিলেন না কোচ। ছাংতে যেভাবে মঙ্গলবার অনুশীলন করেছেন তাতে তাঁকে প্রথম থেকে খেলানোর সম্ভাবনা রয়েছে। মিগুয়েলকে নামানো হতে পারে পরিবর্ত হিসেবে। প্রতিপক্ষ তারকা স্ট্রাইকার আলাদিন আজেরাই ইতিমধ্যেই চার ম্যাচে নয় গোল করে ফেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে আলাদাভাবে সতর্ক থাকতে হবে আলবার্তোদের। 

পাহাড়ি উচ্চতায় মোহনবাগান খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়বেন কিনা সে দিকটাও ভাবাচ্ছে দিলেমপেরিসকে।মোহনবাগানের কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে খুব বেশি পরিবর্তন করার সম্ভাবনা কম। নিজেদের ১০০ শতাংশ দিতে তৈরি মনবীররা। ডার্বি জয়ের পর থেকে এখনও অপরাজিত মোহনবাগানকে ডুরান্ড ফাইনালে তুলতে সবুজ মেরুনের গ্রিক কোচ কোন তুরুপের তাস ব্যবহার করেন এখন সেটাই দেখার অপেক্ষা। খেলা শুরু সন্ধ্যা সাতটায়।