বুধবার শুরু হতে চলেছে ১২৬ তম আইএফএ শিল্ডের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও শ্রীনিধি ডেকান এফসি। এই ম্যাচ শুরুর আগে দুপুর ২.৪৫ মিনিটে সদ্য সমাপ্ত ক্যালকাটা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ক্লাব লনে হবে পতাকা উত্তোলনও।
কলকাতা লিগ জয়ের পর এবার মোহনবাগানের লক্ষ্য আইএফএ শিল্ড ধরে রাখা। পূর্ণ শক্তির দল নিয়েই শিল্ডে নামছে সবুজ মেরুন। শিল্ডে ছয় বিদেশিকে খেলানোর সুযোগ থাকছে সব দলগুলোর কাছে। জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, সমীর জেলকোভিচ, দেজন দ্রাজিচরা আইএসএলে নামার আগে শিল্ডের ম্যাচে নিজেদের ফের একবার ঝালিয়ে নেবেন। তবে হাতে হালকা চোট রয়েছে সমীর জেলকোভিচের। এদিন তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। শিল্ড আইএসএল শুরুর আগে প্যানোসের বড় পরীক্ষা। প্রতিপক্ষ দল শ্রীনিধি ডেকান খাতায় কলমে দুর্বল দলেও প্রীতম , প্রণয়দের মতো অভিজ্ঞ ফুটবলাররা আছেন।গত মরশুমে ইস্টবেঙ্গল স্কোয়াডে থাকা জেরিকে চলতি মরশুমে শ্রীনিডি ডেকান এফ সি-তে খেলতে দেখা যাবে
অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন করিয়েছে ৫৩ জন ফুটবলারকে। সিনিয়র এবং জুনিয়র দুই দলের ফুটবলারদেরই সই করিয়েছে লাল-হলুদ শিবির। ৪ দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে নিজেদের মাঠে অনুশীলন শুরু করল ইস্টবেঙ্গলের সিনিয়র দল। ৪ বিদেশি সহ পুরো দল ফিরলেও অনুশীলনে এলেন না নতুন বিদেশি আকে লোবা।
এদিকে, ত্রয়োদশ আইএসএলের টেলিভিশন ব্রডকাস্টিং রাইটস্ পেলো জি এবং স্ট্রিমিং রাইটস্ পেলো ইউটিউব। টিভি চ্যানেলে জি স্পোর্টস প্রত্যাবর্তন এবং ইউটিউবে স্ট্রিমিংয়ের ফলে আসন্ন আইএসএল টিভিতে দেখতে পাবেন সমর্থকরা। তবে ইউটিউবে ফ্রি-তে ম্যাচ দেখানো হবে কি না সেটা জানানো হয়নি।নতুন পরিচালন ব্যবস্থার অধীনে আগামী ১০ অক্টোবর থেকে বল গড়াতে চলেছে।















