কলকাতা লিগের ডার্বি ড্র । বারাসত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের ফল ১-১।
গোলকিপার ছাড়া পুরো সিনিয়র টিম নিয়েই মাঠে নামে মোহনবাগান। বাস্তব রায় দল সাজান ৪-২-৩-১ ছকে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে মোহনবাগান নামল শুভাশিস,মনবীর, কিয়ান, রাহুল ভেকেদের নিয়ে। অন্যদিকে ইস্টবেঙ্গল পুরোপুরি তরুণ ফুটবলারদের নিয়ে নেমেছিল। বৃষ্টি হওয়ার ফলে মাঠে জল জমেছিল বেশ কিছু জায়গায়। বলের গতিও শ্লথ ছিল।
শুরু থেকেই ম্যাচের মেজাজ ছিল চড়া। ম্যাচের ৮মিনিটে বক্সের সামনে ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। বিজয় মুর্মূ র ফ্রিকিক একটুর জন্য বাইরে গেল। শুরু থেকেই মনবীর , সায়ন লাল হলুদ বক্সে হানা দিলেও মনোতোষ, চাকু মাণ্ডিরা সতর্ক ছিলেন। ২২ মিনিটে বক্সের বাইরে কিয়ানকে ফাউল করলে ফ্রিকিক পায় মোহনবাগান। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মোহনবাগান । ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব সাউ কয়েকটি ভালো সেভ করলেন। তবে মোহনবাগান গোলের লকগেট খুলল ৩৮ মিনিটে। আপুইয়ার পাস থেকে বা পায়ের শটে দুরন্ত গোল করলেন মনবীর সিং, ৪৪ মিনিটে সাহালের একটুর জন্য বাইরে গেল। প্রথমার্ধের শেষ দিকে কিয় নের কর্নার থেকে শুভাশিস বসুর হেড সেভ করলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক । ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফিরল সবুজ মেরুন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনের চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। শুরুতেই বিক্রম প্রধানের পাস থেকে মিস করলেন বিজয়। এরপর মনোতোষ চোট পেয়ে মাঠ ছাড়লে তার জায়গায় নামেন বিলাল। তন্ময়, উত্তমদের চাপে নাভিশ্বাস উঠল বাগান রক্ষণে ।নেমেই গোলের সুবর্ণ সুযোগ তৈরি করে দেন বিলাল। কিন্তু আকাশ হেমব্রম গোলে ঠেলতে পারলেন না। ৬৫ মিনিটে সমতা ফেরাল ইস্টবেঙ্গল। বিজয় মুর্মূর পাস থেকে হেডে গোল করলেন বিলাল। গর্জে উঠল বারাসতের গ্যালারি।।
সাহালের জায়গায় সুহেলকে নামালেন বাস্তব।
তারকা সমৃদ্ধ মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এর ১১ জন ভূমিপুত্র দুরন্ত ফুটবল উপহার দিলেন বিশেষ করে বলতেই হবে গোলরক্ষক গৌরবের কথা। ৮৪ মিনিটে গোলের সামনে থেকে সায়ানের শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দিলেন. । সুহেল-সায়নদের আক্রমণ বারবার রুখে দিচ্ছিলেন লাল হলুদ এর তরুণ ডিফেন্ডাররা। মোহনবাগানের সিনিয়র ফুটবলারদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা খেললেন তাতে তাদের প্রশংসা করতেই হয়। কলকাতা লিগে গ্রুপ পর্বের এটাই ছিল দুই দলের শেষ ম্যাচ এরপর শুরু হবে সুপার সিক্স।
ম্যাচের সূচনায় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া। ৯ বছর পর ফুটবল ফিরল বারাসত স্টেডিয়ামে। গ্যালারি পুরো ভরল। জেলা শহরে ডার্বি ম্যাচ হলে উন্মাদনা কতটা হতে পারে তার প্রমাণ থাকলো সোমবারে বারাসত।
















