ডার্বি দিয়ে শুরু ডার্বি দিয়েই শেষ। আগামী রবিবার ডুরান্ড কাপ ফাইনালের মেগা ডার্বি। রবিবার ডুরান্ডের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান-ইস্ট বেঙ্গল। যা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তিন বছর আগে লাল-হলুদদের হারিয়ে ট্রফি জিতেছিল সবুজ-মেরুণ। এবারও কি তার পুনরাবৃ্ত্তি নাকি বদলা নেবে ইস্টবেঙ্গল? তবে  ডুরান্ড ফাইনালের আগে দুই শিবিরে দুই চিত্র।

 

ডুরান্ড ফাইনালের আগে মোহনবাগানের পথে হল দেরি। কারণ শিলং থেকে ফেরার বিমানের টিকিট সমস্যায় মোহনবাগান। পাঁচ দফায় ফিরতে হচ্ছে ফুটবলারদের।মূলত প্রথম একাদশের ফুটবলারদের শিলং থেকে টিকিট পাওয়া গেছে।বাকিদের ২ ঘন্টা জার্নি করে গুয়াহাটি এসে বিমান ধরতে হবে। শেষ দফায় সন্ধ্যা ৭ টায় শহরে ফিরছে কিছু মোহনবাগান ফুটবলার।আর এর ফলে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে মাত্র ১ দিন অনুশীলনের সময় পাবে ফুটবলাররা।

 

নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান।  বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর এদিন দুপুরের মধ্যে কলকাতায় ফেরার কথা ছিল গোটা দলের। কিন্তু বিমানের টিকিটের সমস্যার জন্য তা হচ্ছে না বলেই বেশ কয়েক দফায় কলকাতা ফিরতে হচ্ছে তাঁদের। 

 

শুক্রবার অনুশীলন বা রিকভরি সেশনের সুযোগ নেই।  জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদদের দীর্ঘ যাত্রার ধকল সামলে সেই একদিনের অনুশীলনেই ফাইনালের কৌশল ঝালিয়ে নিতে হবে মেরিনার্সদের। যা ডার্বির মতো মহাযুদ্ধের আগে সত্যিই বড় উদ্বেগের মোহনবাগান শিবিরের কাছে।

এদিকে ইস্টবেঙ্গল-ইমামির মধুরেন সমাপয়।ইনভেস্টর হিসাবে সরে গেলেও ইস্টবেঙ্গলের প্রধান স্পনসর হিসাবে থাকছে ইমামি। এর ফলে গতবারের মতো এবারও ইস্টবেঙ্গলের জার্সির সামনে জ্বলজ্বল করবে ইমামির নাম। সূত্রের খবর, আগামী পরশু, ডুরাণ্ড কাপের ফাইনালে, মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি থেকেই ইস্টবেঙ্গল জার্সিতে ইমামির ব্র্যান্ডিং দেখা যেতে পারে।

 

 

এদিকে, শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে ডুরান্ড ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। ফাইনালে  সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ২৫০ টাকা। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য রাখা হয়েছে বি-১, বি-৩, সি-১, বি-২, সি-৩ এবং সি-২ রাইট ব্লক। বি-১, বি-৩ ও সি-১ ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা। বি-২ ও সি-৩ ব্লকের টিকিটের মূল্য ৩০০ টাকা। সি-২ রাইট ব্লকের টিকিটের দাম ৩৫০ টাকা। 

অন্যদিকে, মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ করা হয়েছে সি-১, ডি-১, ডি-৩, সি-২, সি-৩ এবং ডি-২ গ্যালারি। এর মধ্যে সি-১, ডি-১ ও ডি-৩ ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা। সি-৩ এবং ডি-২ ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা।বুক মাই শো থেকে টিকিট কাটা যাবে। ফাইনালে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।