ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান। সোমবার গ্রুপ লিগের শেষ ম্যাচে সিআইএসএফের বিরুদ্ধে ৬-০ গোলে জিতল মোহনবাগান। সাহালের হ্যাটট্রিক সেইসঙ্গে গোল পেলেন ম্যাকলারেন, মনভীর,অভিষেক। শেষ ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৮-০ গোলে হারিয়েছিল বাগান।
১৭ মিনিটে প্রথম গোল করল মোহনবাগান। প্রতিপক্ষ রক্ষণের ভুল বোঝাবুঝিতে বল চলে আসে সাহালের পায়ে। ফাঁকা জালে বল জড়িয়ে দেন সাহাল। পরের মিনিটেই আবার গোল। মাঝমাঠ থেকে থ্রু বল পেয়ে ড্রাজিক বক্সের মধ্যে ঢুকে গিয়ে সাহালকে বল বাড়ালে গোল করতে ভুল করেননি।
২৮ মিনিটে উইং থেকে টেকচাম পাস থেকে মনবীর সিং বল জালে জড়িয়ে দেন। ৩৭ মিনিটে অনবদ্য গোল সাহালের। মাঝমাঠ থেকে বল পেয়ে একক দক্ষতায় বিপক্ষের মহম্মদ খালিদকে ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন। প্রথম ৪৫ মিনিটে চার গোলে এগিয়ে ছিল মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামলেন ম্যাকলারেন। মরশুমের প্রথম গোল পেলেন ম্যাকলারেন। সাহালের ফরওয়ার্ড পাস ধরলেন অজি তারকা। বাগানের হয়ে শেষ গোল করেন অভিষেক সিং টেকচাম।
















