মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সিএসকের সম্পর্ক ২০০৮ সাল থেকে। এখনও চেন্নাই জার্সিতে আনুষ্ঠানিক বিদায় জানাননি। কিন্তু সিএসকের সঙ্গে মাহির সম্পর্ক তলানিতে ঠেকেছে! খানিকটা অবাক করা হলেও এই খবর প্রকাশ্যে এসেছে একটি সর্বভারতীয় ইংরেজি সাংবাদ মাধ্যম সূত্রে।
মালিকানা কেনা নিয়ে ঠোকাঠুকি শুরু হয়েছে ধোনি এবং সিএসকের মধ্যে। ক্রিকেট ছাড়ার পর সিএসকের সঙ্গে জড়িত থাকতে চান ধোনি। তবে কোচ হিসাবে নয় বরং মালিক হিসাবে দলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে রয়েছে এমএসডি। রাঁচির ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার সিএসকে-তে অংশীদারিত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু ম্যানেজমেন্ট তার প্রস্তাবিত শর্তাবলীতে রাজি হয়নি।
সিএসকে টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক কর্তা জানিয়েছেন, ধোনি দলের অংশীদারিত্ব কেনার প্রস্তাব দিয়েছিলেন। চেন্নাইয়ের ২৫ শতাংশ শেয়ার কিনতে চান তিনি। কিন্তু শেয়ার কেনার জন্য ধোনির দেওয়া শর্ত পছন্দ হয়নি চেন্নাই কর্তৃপক্ষের। তা ছাড়া চেন্নাই কর্তৃপক্ষ ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতেও রাজি নন। তাঁরা ধোনিকে দলের তিন শতাংশ মালিকানা বিক্রি করতে চান। দু’পক্ষের দরাদরির পর ধোনি ২০ শতাংশের প্রস্তাব দেন।
ফ্র্যাঞ্চাইজির শেয়ার কেনা নিয়ে ধোনি ও ম্যানেজমেন্টের মধ্যে মতানৈক্যের ফলে দু’পক্ষের সম্পর্ক খারাপ হতে পারে। উল্লেখ্য, ধোনির কাছে ইন্ডিয়া সিমেন্টসের শেয়ার রয়েছে। এই সংস্থাই দলের মালিকানা রয়েছে।
২০২৫ সালের আইপিএলে ধোনিকে ৪ কোটি টাকা ধরে রাখে সিএসকে। কিন্তু চোটের জন্য তিনি খেলেননি ২০২৬ সালের মরশুমে। শুধু তাই নয়, তিনি ম্যাচের সময়ে ড্রেসিংরুমেও ছিলেন না। ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক এক হলুদ জার্সির সুতোয় বাধা। আগামী দিনে সেই সম্পর্কের সুতো ছিড়বে না আরও শক্তিশালী হবে তার উত্তর দেবে সময়ই।
















