ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থান অর্জন করলেন নীরজ চোপড়া। মাত্র ৯ মিটারের জন্য সোনা হাতছাড়া হল ভারতীয় অ্যাথলিটের।  শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। তার ঠিক আগে লুসানের এই পারফরম্যান্স নীরজকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

সুইজারল্যান্ডের লুসানে শুরুটা খারাপ করেননি নীরজ। প্রথম থ্রোতেই ৮৩.৫৪ মিটার ছোড়েন। তবে দ্বিতীয় রাউন্ডে চেনা নীরজকেই দেখা গেল। এবার ছুড়লেন ৮৮.০৫ মিটার। যা এই মরশুমে তাঁর সেরা থ্রো। এরপর নীরজ ৮৩.৭২ মিটার ছোড়েন। তারপরেরটা ফাউল হয়। শেষ থ্রোতেও ভারতের জ্যাভলিন তারকা ৮২ মিটার ছোড়েন। ফলে দ্বিতীয় হয়েই থাকতে সন্তুষ্ট থাকতে হল  নীরজকে। শীর্ষস্থান দখলে রাখলেন রুমেশ পাথিরাগে। তিনি ৮৮.১৪ মিটার থ্রো করেন।

সবচেয়ে উল্লেখযোগ্য হল সেরা থ্রোগুলির সময় নিজের ভারসাম্য ধরে রেখেছিলেন নীরজ। বাঁ দিকে পড়েও যাননি। শেষ পর্যন্ত পাথিরাগের কাছে সোনা হাতছাড়া হলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নীরজ।

নীরজ বলেন, 'এটা আমার মরশুমের সেরা থ্রো। ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরে আমি খুশি। তবে বুঝতে পারিনি যে ৯ সেন্টিমিটারের ব্যবধান ছিল।প্রত্যেকটা প্রতিযোগিতার পর আমার মনে হচ্ছে যে নিজের ছন্দে ফিরতে পারছি। এটাই আমার কাছে সবচেয়ে খুশির বিষয়। লুসান ও জুরিখের সমর্থকরা সবাই সমর্থন জুগিয়েছেন। এখানে খেলতে পারার অনুভূতিটা দারণ।'