প্রকৃতির রোষের কবলে নেপাল। বুধবার ভয়াবহ হড়পা বানে ক্ষতিগ্রস্থ হয়েছে নেপালের একটা বড় অংশ। নেপালে ভয়াবহ হড়পা বানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭। মৃত্যুপুরীর আকার নিয়েছে নেপাল।  দেশের ভয়াবহ বির্পযয়ে উদ্বেগ প্রকাশ করেছেন  নেপালের জাতীয় দলের ক্রিকেটাররা।

রাসুয়া ও নেপাল-তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকায় হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি স্রোতের সঙ্গে কাদা ও পাথরের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা, সেতু ও বসতি। বিস্তীর্ণ এলাকাজুড়ে শুধুই প্রকৃতির ধংস্বলীলার ছবি। এই প্রেক্ষাপটে দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন  সন্দীপ লামিছানে, দীপেন্দ্র আইরি।

নেপালের বিভিন্ন অঞ্চলে বিধ্বংসী হড়পা বান ও ভূমিধসের পর রসুয়ার ত্রিশূলি নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন  দিপেন্দ্র সিং আইরি ।একইসঙ্গে  দেশের এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন জাতীয় দলের ক্রিকেটার। শেষে সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার বার্তাও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে বন্যা ও ধসের খবর আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। এই কঠিন সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সবাই সতর্ক ও নিরাপদে থাকুন।’

পরিস্থিতির অবনতি হওয়ায় আরেক নেপালি ক্রিকেটার সন্দীপ লামিছানেও  সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বুধবার সকালে তিব্বত সীমান্তের কাছে নেপালের রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান আঘাত হানে। এর পর আইরির এই আকুল আবেদন সামনে আসে।

 ইনস্টাগ্রাম স্টোরিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি পরিস্থিতির ভয়াবহতার মধ্যে সবাইকে সাবধানে থাকার আবেদন জানান। তাঁর কথায়, ‘এই কঠিন সময়ে সবাই সতর্ক থাকুন। নিজের এবং প্রিয়জনদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। বন্যা বির্পযস্ত এলাকা বা সেতু গুলিতে এখনই যাবেন না। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন।’