ট্য়াটু বর্তমান সময়ে তারকা থেকে সাধারণ মানুষের ফ্যানশনের অন্যতম অঙ্গ। ক্রিকেট মাঠে ঝড় তোলা বিরাট কোহলির শরীর জুড়ে রয়েছে সুদৃশ্য ট্যাটু। এবার তাঁর অঙ্গে দেখা গেল আরও একটি নতুন ট্যাটু।
কোহলির শরীর জুড়ে আছে ১২টি উল্কি, এবার শোভা বাড়াতে বাঁ হাতে আরও একটি ঘূর্ণায়মান তরঙ্গের উল্কি আঁকালেন। সেই তরঙ্গ তৈরি হয়েছে এক বিন্দু জলে। স্থির জলে পাথর ফেললে যেমন বৃত্তাকারে একাধিক তরঙ্গ ছড়িয়ে পড়ে, এটি দেখতে তেমনই।সম্প্রতি সামাজিক মাধ্যমে কিং কোহলির এই নতুন ট্যাটুর ছবি ভাইরাল। পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, এই নকশা তৈরি করতে ইতিমধ্যেই পাঁচটি সেশন লেগেছে। তবে কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।
এক ফোঁটা জলে তৈরি হওয়া আলোড়নের ছবি ফুটে উঠেছে তাতে। উল্লেখ্য, ভিকের ট্যাটু প্রেম সকলের জানা। তাঁর শরীরে রয়েছে অসংখ্য উল্কি । প্রতিটির অর্থ তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে। নতুন ট্যাটুর অর্থ কী সেটা নিয়ে চর্চা চলছে। এই বদলের শুরুটা হয়েছিল তাঁর শিবের থেকে অনুপ্রাণিত আর্মব্যান্ড ট্যাটু দিয়ে। পুরনো নকশাটিকে আরও সূক্ষ্মতা ও স্পষ্টতা দিয়ে নতুন করে সাজানো হয়। এরপর সেই নকশা মিশেছে একটি জটিল ডটওয়ার্ক-এর সঙ্গে। পুরো হাতে বিভিন্ন ট্যাটুকে একসূত্রে যুক্ত করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আইপিএল শুরু হওয়ার আগে জানা গিয়েছিল, পুরনো ট্যাটুগুলি মুছে ফেলতে বা ঢেকে দিতে চাইছেন না কোহলি। বরং সেগুলিকে নতুনভাবে সাজিয়ে একটি সম্পূর্ণ স্লিভ ট্যাটু তৈরি করার পরিকল্পনা করেছেন। এর মাধ্যমে তাঁর বর্তমান জীবনের যাত্রাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
















