এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) আয়োজক দেশ বদলের দাবি তুলল পাকিস্তান। ২৭ অক্টোবর থেকে পঞ্জাবের জলন্ধর (Jalandhar, Punjab) ও মোহালিতে (Mohali) হওয়ার কথা প্রতিযোগিতার। কিন্তু সেখানে খেলতে ভারত সফরে আসতে চাইছে না পাকিস্তান। এশীয় হকি সংস্থার কাছে পাকিস্তান হকি সংস্থা (Pakistan Hockey Federation) জানিয়েছে, নিরপেক্ষ দেশে গোটা টুর্নামেন্ট আয়োজন করা হোক। সেই ব্যবস্থা সম্ভব না হলে শুধু পাকিস্তানের ম্যাচগুলি ভারতের বাইরে সরানোর প্রস্তাবও দিয়েছে তারা।

পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে ১ নভেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও প্রশ্ন উঠেছে। সূচি অনুযায়ী ওই দিন জলন্ধরে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। ভারত ও পাকিস্তান ছাড়াও প্রতিযোগিতায় রয়েছে চিন, জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া। কোনও দল শেষ মুহূর্তে সরে গেলে বিকল্প হিসাবে ওমান ও বাংলাদেশকে প্রস্তুত রাখা হয়েছে।

পাকিস্তান হকি সংস্থার সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি (Pakistan Hockey Federation President Mohiuddin Ahmed Wani) জানিয়েছেন, টুর্নামেন্ট বয়কট করা তাদের উদ্দেশ্য নয়। ভারতের বর্তমান পরিস্থিতিতে দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং আধিকারিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারত সফর নিয়ে আপত্তি জানানো হয়েছে বলে তাঁর বক্তব্য। দেশের সরকারের নির্দেশের পরেই এশীয় হকি সংস্থার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওয়ানি।

অন্য দিকে, বহুদেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছিল। ৫ মে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানিয়েছিল, এ ধরনের প্রতিযোগিতায় পাকিস্তানি দল ও খেলোয়াড়দের ভারতে আসতে দেওয়া হবে এবং ভিসা সংক্রান্ত বিষয়েও সহযোগিতা করা হবে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও (Punjab Chief Minister Bhagwant Mann) জানিয়েছিলেন, দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে বহুদেশীয় প্রতিযোগিতাকে এক করে দেখার কারণ নেই। গত বছর ভারতীয় মাটিতে এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপেও খেলেনি পাকিস্তান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও তাদের একই অবস্থানে নতুন করে জটিলতা তৈরি হল।