শ্রীলঙ্কা সফরে কঠিন পরীক্ষার মুখে ঋষভ  পন্থ। লাল বল হোক বা সাদা, ছন্দে থাকলে মারকাঠারি ব্যাটিং করে স্কোরবোর্ডকে সচল রাখেন  পন্থ। কিন্তু ঘূর্ণি পিচে কিপিং নিয়ে বার বার সমস্যায় পড়তে হয়েছে।  শ্রীলঙ্কা সফরের আগে সেই রোগ সারাতে গুরুর স্মরণাপন্ন পন্থ।

বরাবরই ধোনিকে মেন্টর এবং গুরু হিসাবে মানেন পন্থ। শ্রীলঙ্কা সফরের আগে  কিপিংয়ে  রোগ সারাতে ধোনির অধীনে অনুশীলন করলেন পন্থ। সম্প্রতি রাঁচিতে   গিয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার।  মাহির বাড়িতে থেকেছেন পন্থ, এমনকি দু জনকে একসঙ্গে ঘুরতেও দেখা গিয়েছে। এর পাশাপাশি জিমেও দেখা গিয়েছে দু জনকে।  ঘূর্ণি পিচে কীভাবে দাস্তানা হাতে নম্বর বাড়ানো যায় সেই টিপস ধোনির থেকে নিয়েছেন পন্থ, কারণ এই সিলেবাসে ধোনির থেকে ভালো শিক্ষক আর পাবেন না পন্থ। 

আগামী ১৫ অগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। গলে হবে প্রথম টেস্ট। ২৩ অগস্ট থেকে কলম্বোয়দ্বিতীয় টেস্ট খেলবে শুভমানরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল , কিন্তু কমে গেল সেই ম্যাচের দিন সংখ্যা। চার নয় গিলরা প্রস্তুতি ম্যাচ খেলবেন তিন দি্নের। কলম্বোর একটি ক্রিকেট ক্লাবের মাঠে ৭ থেকে ৯ অগস্ট পর্যন্ত তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। 

বর্তমানে ভারতের সাদা বলের ক্রিকেট থেকে বাদ পন্থ। কিন্তু শুভমন গিল পরিচালিত টিম ইন্ডিয়ার টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। লখনউ সুপার জায়ান্টসের হয়ে হতাশাজনক আইপিএলের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবেন ভারতের উইকেটকিপার ব্যাটার।