চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। আফগানিস্তান সিরিজে দলে থাকলেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। ফলে বুমরাহের বিকল্পকে দলে রাখা হতে পারে।
আগামী ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দল ঘোষিত হয়েছে কয়েক দিন আগে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। কিন্তু দলে চার জন ক্রিকেটার আছেন যাদের ফিটনেস নিয়ে সংশয় আছে। বুমরাহ ছাড়াও নীতীশ কুমার রেড্ডি , ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।
বুমরাহের ফিটনেস নিয়ে সংশয় আছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, বুমরাহের বিকল্প হিসাবে তৈরি রাখা হচ্ছে আরও এক পেসার প্রিন্স যাদবকে। কেবল বুমরাহ নন, চোটের কারণে মাঠের বাইরে থাকা আরও তিন ক্রিকেটারকেও ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডিরও ফি্টনেস পরীক্ষা হবে।
ক্রিকেটারদের চোট সমস্যা নিয়ে সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে ছিলেন জসপ্রীত বুমরাহ। ফিট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যান তারকা পেসার। নির্বাচকরা চাইছেন নিউজিল্যান্ড সফরের আগে একটা রঞ্জি ম্যাচে বুমরাহকে দেখে নিতে।
বিসিসিআইয়ের এক কর্তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম গত সপ্তাহে নির্বাচকদের রিপোর্ট পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, চার জনের কারও ফিটনেস নিয়ে সমস্যা নেই। তবে তাদের ফিটনেস দেখতে হবে প্রস্তুতি ম্যাচ, কতটা ধকল তারা নিতে পারছেন। সেন্টার অফ এক্সেলেন্সে ৪ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচ খেলানো হবে। একান্ত না পারলে বিকল্প ক্রিকেটার নেওয়া হতে পারে। বোর্ডের মেডিক্যাল টিমের মতে, চার জনই আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন। তা-ও চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে সব কিছু ভাল ভাবে খতিয়ে দেখে নেওয়া হবে।’’
আগামী ১০ তারিখ থেকে দিল্লিতে ভারতীয় দলের শিবির হবে, সেখানেই তিনটি ম্যাচ হবে।
















