বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলার সম্ভাবনা থাকলেও রাস্তা খুব কঠিন। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার এবং কোচ রাহুল দ্রাবিড়। ডব্লুটিসি-র বর্তমান চক্রে (২০২৫-২০২৭) শুভমান গিলের দল অনেকটাই পিছিয়ে পড়েছে। তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভারত। শেষ বারও ফাইনালে উঠতে পারেননি শুভমনরা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল হয়েছিল। এবারও উঠতে না পারলে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হবে দল।

শ্রীলঙ্কায় চলতি সিরিজে ভাল খেলছে ভারতীয় দল। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছেন গিলরা। অকল্পনীয় কিছু না ঘটলে এই সিরিজ হয়তো জিতেই ফিরবে ভারত। তবে এর পরেই রয়েছে নিউজিল্যান্ড সফর। যা শক্ত চ্যালেঞ্জ হতে চলেছে গিলদের কাছে। এরপর আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর সিরিজ। দু’টি সিরিজই খুব কঠিন। দ্রাবিড় মনে করেন, এই পরিস্থিতি থেকে ফাইনালে উঠতে হলে অনেকটা কঠিন পথ পেরোতে হবে। 

এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, আশা করি, শেষ পর্যন্ত ভারত হয়তো পারবে ফাইনাল খেলতে। তবে বর্তমান পরিস্থিতি থেকে ফাইনালে উঠতে হলে কঠিন রাস্তা অতিক্রম করতে হবে। যোগ করেন, চলতি মরশুমে অনেকটা পিছিয়ে পড়েছে ভারত। কিন্তু ভারতের এই দলটার যা ক্ষমতা এবং ক্রিকেটারদের যে দক্ষতা রয়েছে, তাতে ওদের কখনওই বাতিলের খাতায় ফেলা যায় না। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শুরুটা ভাল হয়েছে। এটা ইতিবাচক দিক।
 গলে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় আছে ভারত। তবে বৃষ্টি ভারতের জয়ের পথে প্রধান কাঁটা। মঙ্গলবার দিনের শেষে  ৮ উইকেটে ২৬৫ রান তুলে শ্রীলঙ্কা এখনও ২৩৮ রানে পিছিয়ে ছিল। এখান থেকে খেলা যত এগোবে, টেস্ট ও সিরিজ রক্ষা ততই কঠিন থেকে কঠিনতর হবে। 
এই সিরিজে বল বনবন করে ঘোরার কথা ছিল। কিন্তু ততটা ঘোরেনি। সুতার অনেক উইকেট নিয়েছেন। তবে উইকেট খুব একটা সাহায্য করেনি। প্রভাত জয়সূর্য শ্রীলঙ্কার এক নম্বর স্পিনার। তিনি উইকেট নিয়ে নয়, প্রচারের আলোয় এলেন আইসিসির শাস্তি পেয়ে। নাইট ওয়াচম্যান হিসাবে নেমে আউট হয়ে গিয়েছিলেন। সেই রাগে বাউন্ডারির ধরে থাকা বাউন্ডারি মার্ক ব্যাট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। যশস্বী ও ফার্নান্দোর পর তিনি তৃতীয় ব্যক্তি যাঁকে ডিমেরিট পয়েন্ট ধরানো হয়েছে।