২০২৩ সালে সর্বশেষ মেজর জিতেছিলেন। এরপর থেকে ছেলে ও মেয়েদের মিলিয়ে ওপেন যুগে মার্গারেট কোর্টকে টপকে এককভাবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম আর জিততে পারেননি নোভাক জকোভিচ। ৩৯ বছরের সার্বিয়ান তারকা কি পারবেন ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র ওপেনের মূলপর্বে গত তিন বছরের খরা কাটিয়ে রেকর্ড স্ল্যামে ঠোঁট ছোঁয়াতে? উত্তর দিয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার। 


সুইস মাস্টার জানিয়েছেন, জকোভিচকে নিয়ে তিনি সবসময় আশাবাদী থাকেন। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেরার বলেছেন, নোভাক যখনই কোনও টুর্নামেন্ট বা বিশেষ কোনও মেজর খেলতে নামে, তখনই খেতাব জয়ের ভাল সুযোগ থাকে তার কাছে। আমি সবসময় মনে করি, টুর্নামেন্টের ড্র-তে যতক্ষণ সে থাকছে, ততক্ষণ ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থেকেই যায়। আর সে যখন এখনও খেলা চালিয়ে যাচ্ছে, তার অন্যতম কারণও এটাই যে, সে নিজের উপর বিশ্বাস রাখে এখনও সফল হতে পারবে। আর আমিও ঠিক এটাই মনে করি। 
যুক্তরাষ্ট্র ওপেনে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এখন নিউ ইয়র্কে রয়েছেন ফেডেরার। পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসির সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন সুইস মাস্টার। তবে অবসর ভেঙে পেশাদার টেনিসে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফেডেরার।