তাঁর অবসর নিয়ে চর্চা, জল্পনার শেষ নেই। তাঁকে নিয়ে পরস্পরবিরোধী মন্তব্যের কারণে নির্বাচক প্রধান অজিত আগারকর ও বোর্ড কর্তার মধ্যে ঠান্ডা লড়াইও চলছে। রোহিত শর্মা অবশ্য সব কিছু উপেক্ষা করে ক্রিকেটে ডুবে রয়েছেন। নিঃশব্দে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সমাজমাধ্যমে নিজের প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন রোহিত। মুম্বই দলে তাঁর প্রাক্তন সতীর্থ ধবল কুলকার্নি, মুম্বই ইন্ডিয়ান্সের ফিটনেস ট্রেনার এবং ফিজিওকে সঙ্গে নিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে। রোহিতের পোস্টে দেখা গিয়েছে, তিনি দৌড়চ্ছেন, ব্যাট হাতে শ্যাডো করছেন, বাকিদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, মোবাইল ঘাঁটছেন। তবে নেট সেশন এখনও পুরোদমে শুরু করেননি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু ২৭ সেপ্টেম্বর। বাকি দু’টি ম্যাচ রয়েছে যথাক্রমে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। হাতে এখনও মাসখানেক রয়েছে নিজেকে তৈরি করার।
















