র্যাঙ্কিংয়ের কোনও মূল্য নেই? কোর্টে বল পড়ার আগেই একটা কমিটি শুধু কাগজ দেখে প্লেয়ারদের ভাগ্য গড়ে দেবে? পাঁচ ভারতীয় টেনিস খেলোয়ার এশিয়ান গেমসের দলে নির্বাচিত না হওয়ায় ক্রীড়া মন্ত্রকের নতুন নিয়মের কড়া সমালোচনা করলেন রোহন বোপান্না।
দল নির্বাচনে নতুন গাইডলাইন হল টেনিসে এশিয়ার প্রথম আটে থাকতে হবে। এর ফলে মানস দামনে, বৈষ্ণবী আদকার, সহজা ইয়ামালাপল্লি, বৈদেহী চৌধুরী ও প্রার্থনা থোম্বারে এবার এশিয়াডে সুযোগ পাননি। এই পাঁচজন কোয়ালিফাই করেও এশিয়াডে যেতে পারছেন না ক্রীড়া মন্ত্রকের নতুন নিয়মের জন্য। এক পোস্টে বোপান্না অতঃপর র্যাঙ্কিং ও কোয়ালিফিকেশন নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, এই পাঁচ ভারতীয় খেলোয়াড়, যাদের মধ্যে মেয়েদের এক ও দু’নম্বর খেলোয়াড় রয়েছে, অনেক পরিশ্রম করে র্যাঙ্কিং পেয়েছিল। এখন একটি কমিটি কাগজ হাতে ওদের ভাগ্য নির্ধারণ করল। যা আগে থেকেই ঠিক ছিল। তাহলে কোয়ালিফিকেশন কিসের জন্য। র্যাঙ্কিংই বা কেন?
বোপান্নার দাবি, এতে শুধু ওই পাঁচ খেলোয়াড়ের ক্ষতি হয়নি, তাদের বাবা-মা, স্পনসর সবার উপরে প্রভাব পড়েছে। এটা যেন ওই পাঁচ জনকে বলে দেওয়া হল তোমরা মেডেল প্রসপেক্ট নও। মেডেলের যোগ্য নও ।তাঁর সাফ কথা, খেলার ব্যাপারটা মাঠেই নিষ্পত্তি হওয়া দরকার। অন্য কোথাও নয়। বোপান্নার বার্তা, ওদের কোর্টে নামতে দিন। এই বছরগুলিতে ওরা যা করেছে সেটাও দেখা হোক।
















