রেকর্ডের আরও নাম রোনাল্ডো। সিআরসেভেন গোল করলেই হয় নয়া রেকর্ড। পর্তুগিজ তারকার মুকুটে জুড়ল আরও এক নয়া পালক। ফুটবল জীবনে রোনাল্ডোর এটা ২৫তম মরশুম।প্রথম পেশাদার ফুটবলার হিসেবে টানা ২৫টি মরশুমে ক্লাব ফুটবলে গোল করার নজির গড়লেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল-রিয়াধের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েন ৪১ বছর বয়সি রোনাল্ডো। সুইডেনের প্রাক্তন ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচকে টপকে গেলেন রোনাল্ডো। টানা ২৪ মরশুম গোল করার রেকর্ড ছিল তাঁর।

সৌদি প্রো লিগে এই মরশুমে আল নাসেরের হয়ে তাঁর প্রথম গোল। আল রিয়াধের বিরুদ্ধে ৪-০ গোলে জিতল তাঁর ক্লাব। এই নিয়ে দুটি ম্যাচেই জিতল আল নাসের।

তিনি মাঠে নামেন পরিবর্ত হিসাবে। আর মাঠে নামার ২১ মিনিটের মধ্যে আইমান ইয়াহার লো ক্রস থেকে গোল পেয়ে যান রোনাল্ডো। খেলার তখন ৮৩ মিনিট। আল নাসেরের হয়ে বাকি তিনটি গোল করেছেন আবদুলেহা আল আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্স। গতবারের চ্যাম্পিয়ন আল নাসের প্রথম ম্যাচ জিতেছিল। একইভাবে প্রথম দুটি ম্যাচ জিতেছে প্রবল প্রতিদ্বন্দ্বী আল হিলালও। তবে গোল সংখ্যায় এগিয়ে থাকায় এক নম্বরে আপাতত রোনাল্ডোর ক্লাব। এই গোল নিয়ে সৌদি লিগে ১০৩টি গোল হয়ে গেল রোনাল্ডোর। স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব ফুটবল শুরু করে প্রতিটি মসমেশুমেই তিনি গোল করেছেন। গত মরশুমে তিনি ২৮টি গোল করেছিলেন।

 আগেই ইঙ্গিত দিয়েছেন পেশাদার ফুটবলে এটাই শেষ মরশুম হতে পারে তাঁর। ১ হাজার গোলের লক্ষ্যে এগিয়ে চলেছেন রোনাল্ডো। কেরিয়ারের ৯৭৭তম গোল করে ফেলেছেন।

এদিকে, লন্ডনে প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল ৩-০ গোলে কভেন্ট্রি সিটিকে হারিয়ে মরশুম শুরু করেছে। তবে শনিবার আবার হার দিয়ে মরসুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফের প্রিমিয়র লিগে উঠে আসা হাল সিটি ২-০ গোলে হারাল তাদের।