প্রায় ন’বছর একসঙ্গে সংসার করার পর বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে বিয়ে করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁদের বিয়ে নিয়ে জল্পনার অবসান ঘটলেও একটি খবরে চমকে গিয়েছে ফুটবল বিশ্ব। বিয়ের ঠিক আগে রোনাল্ডো ও জর্জিনার মধ্যে সম্পত্তিগত এবং আর্থিক চুক্তি হয়েছে। অন্যদিকে, বিয়ের পাঠ চুকিয়ে সিআর সেভেন আল নাসেরের অনুশীলনে যোগ দিয়েছেন একেবারে নতুন রূপে। বদলে ফেলেছেন হেয়ার স্টাইল।
১১ অগাস্ট রোনাল্ডো-জর্জিনার চার হাত এক হওয়ার আগেই দু’জনে চুক্তি সেরে ফেলেন। জানা গিয়েছে, তাঁদের বিয়ে হয়েছে ‘সম্পত্তি পৃথকীকরণ’ ব্যবস্থাপনায়। ঠিক কেমন এই চুক্তি? এই চুক্তির ফলে বিয়ের আগে বা বৈবাহিক জীবনে উপার্জিত যাবতীয় সম্পদ, আয় এবং বিনিয়োগের উপর রোনাল্ডো ও জর্জিনা দু’জনেরই পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কোনও পারস্পরিক অংশীদারিত্ব থাকবে না। বিয়ের আগে পর্যন্ত সৌদির ক্লাব আল নাসের থেকে পাওয়া বেতন, বিজ্ঞাপন (এনডোর্সমেন্ট) বাবদ আয়, ‘পেস্তানা সিআর সেভেন’ হোটেল চেন-সহ বাণিজ্যিক সাম্রাজ্যের মালিকানা সম্পূর্ণভাবে রোনাল্ডোর নিজের দখলেই থাকবে। সম্পর্কের অবনতি বা বিবাহবিচ্ছেদ হলে রোনাল্ডোর অর্জিত সম্পত্তির অধিকার থাকবে না জর্জিনার। আবার ব্যক্তিগত সম্পত্তি এবং আয়ের উপর সম্পূর্ণ অধিকার থাকবে জর্জিনারও।
















