কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ অপারেশন সফেদ সাগর। কার্গিল যুদ্ধে ভারতীয় বায়ু সেনার অবদান এবং স্পেশ্যাল অপারেশনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। সাধারণ সিনে প্রেমীদের পাশাপাশি এই সিরিজ মন জিতে নিয়েছে সচিন তেণ্ডুলকরের। অপারেশন সফেদ সাগরের উচ্ছসিত প্রশংসা করলেন মাস্টার ব্লাস্টার।
জিমি শেরগিল, সিদ্ধার্থ, অভয় ভার্মা, দিয়া মির্জা অভিনীত দেশাত্মবোধক এই সিরিজ মুক্তির তিন সপ্তাহ পরেও জনপ্রিয়তার তুঙ্গে আছে।সিনেসমালোচক তো আমজনতার পাশাপাশি সচিনও ১৯৯৯ সালের দেশপ্রেমের গাথায় মুগ্ধ। এই সিরিজের প্রশংসা করে সচিন লিখেছেন, “সদ্য অপারেশন সফেদ সাগর দেখা শেষ করলাম। ভেবে দেখলাম, আমাদের জীবন বীর সেনাদের থেকে কতটা আলাদা। আমরা যখন শান্তিতে ঘুমোই এবং রোজের কাজকর্ম নিয়ে থাকি, তখন ওঁরা কতটা চাপ এবং অনিশ্চয়তার মধ্যে থেকে কাজ করেন।”
কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ‘অপারেশন সফেদ সাগর’ নামে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। কী হয়েছিল তাতে? কতটা চ্যালেঞ্জিং ছিল সেই অভিযান? সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘অপারেশন সফেদ সাগর’-এ সেই কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। এই সিরিজ দেখে সচিন ফিরে গিয়েছেন অতীতের স্মৃতিতে।
কিংবদন্তি ক্রিকেটার ভারতীয় বিমান বাহিনীর একজন সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন । ২০১০ সালের ৩ সেপ্টেম্বর ক্রিকেটে তার অসামান্য অবদান এবং দেশের প্রতি সেবাকে সম্মান জানাতে ভারতীয় বিমান বাহিনী তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করে। সিরিজ দেখে অতীতের স্মৃতিতে ফিরে গিয়েছেন সচিন। তাঁরর কথায়, “ অনেক দিন আগে এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার সঙ্গে আলাপ হয়েছিল। অপারেশন সফেদ সাগর দেখার পর বুঝতে পেরেছি তিনি এবং বাকি সেনারা কার্গিলে কেমন কঠিন সময় কাটিয়েছেন। আমার সেই আলাপের দিনের কথা মনে পড়লে মনটা শ্রদ্ধায় ভরে যাচ্ছে। অসাধারণ সাহস দেখিয়েছেন। ততটাই ছিল শৃঙ্খলা এবং মানসিক শক্তি।”
















