শিক্ষক দিবসে বাবার স্মৃতির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিলেন সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। প্রয়াত পিতা রমেশ তেন্ডুলকরের (Ramesh Tendulkar) নামে একটি ফেলোশিপ চালু করলেন মাস্টার ব্লাস্টার। শ্রীনগরে ক্লেফট এবং ক্র্যানিয়োফেসিয়াল চিকিৎসায় তরুণ চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের জন্যই এই উদ্যোগ নিয়েছেন সচিন তেন্ডুলকর। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে প্রফেসর রমেশ তেন্ডুলকর মেমোরিয়াল ফেলোশিপ।

 এই ফেলোশিপের মাধ্যমে প্রতি বছর একজন এমডি চিকিৎসককে এক বছরের জন্য ক্লেফট ও ক্র্যানিয়োফেসিয়াল চিকিৎসার  চিকিৎসার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে সচিনের ফাউন্ডেশন। প্রশিক্ষণ শেষ হলে চিকিৎসককে সচিনের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি শংসাপত্র দেওয়া হবে।

 শিক্ষক দিবসে দিনে এমন উদ্যোগের কথা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন লিটল মাস্টার।  ক্রিকেটার সচিনের জীবনে বড় অবদান ছিল তাঁর বাবার। সেই কথা উল্লেক করে সচিন লিখেছেন, "আমার সাফল্যের পথ যারা তৈরি করে দিয়েছেন তাদের কথা বলতে গেলে প্রথমে কোন ক্রিকেট মাঠ বা কোন কোচের কথা মনে আসে না সবার আগে মনে পড়ে আমার পরিবারের কথা। আমি নিতান্তই এক সাধারণ পরিবারের ছেলে ছিলাম। ক্রিকেট খেলতে ভালবাসতাম। বাবা আমার মধ্যে আরও কিছু খুঁজে পেয়েছিলেন কিন্তু আমি কী হব তা কোনদিন ঠিক করে দিতে চাননি। বরং নিজের পথ খুঁজে নেওয়ার জন্য আমাকে সমর্থন করেছিলেন। একজন ভালো শিক্ষক বা মেন্টর সেটাই করেন আপনি নিজের মধ্যে সম্ভাবনা দেখতে পাওয়ার আগেই তিনি সেটাকে চিনে ফেলেন।"

 

 এই ফেলোশিপ প্রসঙ্গে সচিন লিখেছেন, "আমার কাছে শুধুমাত্র এটি ফেলোশিপ নয়, বাবার গভীর বিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি পথ। আমার বাবা বিশ্বাস করতেন শিক্ষা সুযোগ তৈরি করে। আর এই সুযোগ তখনই সত্যি কারের অর্থবহ হয়ে ওঠে যখন অন্যের সেবায় তা কাজে লাগে। "নিজের লেখনীতে বাবার সঙ্গে ছবিও শেয়ার করেছেন সচিন। সেখানে রয়েছেন তাঁর অঞ্জলীও।