নিট ইস্যুতে ছাত্র আন্দোলনে উত্তাল গোটা দেশ। রাজধানী দিল্লির পর এবার রাজ্যে রাজ্যে বাড়ছে আন্দোলনের তীব্রতা। এই পরিস্থিতিতে এই ইস্যুতে সরব হচ্ছেন সমাজের বিশিষ্টজনেরাও। অভিনব বিন্দ্রা, শিখর ধাওয়ানের পর এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও শুভমান গিল(Sachin Tendulkar -Shubman Gill )।
লিটল মাস্টার লিখেছেন. ‘আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। তিনি অনেক তরুণ শিক্ষার্থীর পরামর্শদাতা ও পথপ্রদর্শক ছিলেন। তিনি শুরু থেকেই আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন— ব্যর্থ হওয়াটা দোষের কিছু নয়, কিন্তু প্রতারণ করা বা শটকার্ট বেছে নেওয়াটা সঠিক নয়। সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে সংস্কৃতি গড়ে তোলার দায়ভার আমাদেরই। যে সমাজ কঠোর পরিশ্রমের চেয়ে ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, সেখানে যোগ্যতার চেয়ে শর্টকাট বা সহজ পথকেই প্রাধান্য দেওয়া হয়।
এখানেই থেমে না থেকে সচিন নিজের বিবৃতিতে আরও লিখেছেন, 'আজ যখন শিক্ষার্থীরা মনে করছে যে তাদের কঠোর পরিশ্রমের যোগ্য সম্মান বা প্রতিদান পাওয়া যায়নি, তখন তাদের সেই হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। তারা যেন আর কখনও এই বিশ্বাসের মুখোমুখি না হয় এর জন্য আমাদের সকলকে জোটবদ্ধভাবে কাজ করার প্রয়োজন। তরুণ ভারত স্বপ্ন এবং শক্তিতে ভরপুর। তারা আমাদের সাফল্যের মূল জ্বালানি। আমাদের যুবসমাজ যাতে সবসময় উৎসাহিত এবং উদ্যমী থাকে, তা নিশ্চিত করতে সমাজ হিসেবে—অভিভাবক, শিক্ষক, বন্ধু, আত্মীয়-স্বজন, বিদ্যালয় এবং প্রশাসক সহ আমাদের সকলেরই বিশাল দায়িত্ব ও ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করার রয়েছে।'
টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক শুভমান গিল লিখেছেন, “প্রত্যেক যুবদের প্রতি আমাদের অসীম সমীহ রয়েছে, যারা বিশ্বাস করে তাদের আওয়াজ শান্ত ভাবে শোনা দরকার।”
এর আগে অভিনব বিন্দ্রা, শিখর ধাওয়ান, জাতীয় দলের ফুটবলার সাহাল আব্দুল সামাদের মতো ক্রীড়াবিদরা এই ইস্যুতে পোস্ট করে নিজেদের মতামত প্রকাশ করেন।
















