ক্রিকেটের মাঠে এখন জাতীয় দলের বাইরে মহম্মদ শামি (Mohammed Shami)। কিন্তু এবার তাঁকে ঘিরে আলোচনা উঠেছে সম্পূর্ণ অন্য ময়দানে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Elections) সামনে রেখে রাষ্ট্রীয় লোক দল (RLD) প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর (Union Minister Jayant Chawdhury) সঙ্গে শামির সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে এটা নতুন বিষয় নয়। এই আগেও একাধিক খেলোয়াড়কে রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছিল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দীন, নভজ্যোত সিং সিধু, মনোজ তিওয়ারি ও লক্ষ্মীরতন শুক্লা, হরভজন সিং সহ আরও অনেককে এই মঞ্চে দেখা গিয়েছিল। এমনকি ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ২০১৮ সালে 'হামরো সিকিম পার্টি' নামে একটি আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করেছিলেন। সুতরাং খেলার ময়দান থেকে রাজনীতির মঞ্চে আসাটা নতুন নয়। তবে এবার প্রশ্ন উঠছে, ক্রিকেটের পর এবার কি রাজনীতির মঞ্চে দেখা যেতে পারে ভারতীয় দলের আমরোহা এক্সপ্রেসকে?
শামির সঙ্গে উত্তরপ্রদেশের আমরোহার (Amroha, Uttar Pradesh) যোগ দীর্ঘদিনের। আমরোহা সদর তহসিলের সাহসপুর আলিনগরেই তাঁর বাড়ি। সেই সূত্রেই আমরোহা সদর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে বলে খবর। তবে এখনও পর্যন্ত শামি কিংবা আরএলডি কোনও পক্ষই প্রার্থী হওয়া নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি। শুধু শামির নামই নয়, তাঁর সঙ্গে ভাই হাসিবকেও প্রার্থী করার সম্ভাবনা নিয়ে কথাবার্তা চলছে বলে জল্পনা। এমনকী শামি নিজে ভোটে না দাঁড়িয়ে ভাইকে সামনে রাখার বিষয়েও জয়ন্তের সঙ্গে আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। হাসিব এর আগে জেলা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছিলেন।
আমরোহা সদর আসনেও রয়েছে দীর্ঘ রাজনৈতিক সমীকরণ। সমাজবাদী পার্টির মাহবুব আলি (Samajwadi Party's Mahboob Ali) এই কেন্দ্রের বিধায়ক হিসেবে টানা পাঁচ বার নির্বাচিত হয়েছেন। সেই পরিস্থিতিতে জনপ্রিয় ক্রিকেটার শামির স্থানীয় পরিচিতি ও জনসংযোগকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। তবে সবটাই আপাতত জল্পনার স্তরে। কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি।
এদিকে ক্রিকেটজীবন নিয়েও শামিকে ঘিরে চলছে চর্চা তুঙ্গে। শেষ তাঁকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখা গিয়েছিল। যদিও ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে। দীর্ঘ অপেক্ষার পর ইস্ট জোনের দলীপ ট্রফি জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। জাতীয় দলে শামিকে না রাখা নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ প্রশ্ন তুলেছেন, সর্বশেষ সেই তালিকায় নাম রয়েছে দিলীপ বেঙ্গসরকারের। এর মধ্যেই জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ নতুন জল্পনা উস্কে দিয়েছে ২২ গজের বাইরে কি এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন শামি?
















