শ্রীলঙ্কা সফরের শুরুতেই চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। ফের চোট পেলেন ভারত অধিনায়ক শুভমান গিল(Shubman Gill )। আসন্ন সিরিজে গিলের ঘাড়ের সমস্যা ভোগাতে পারে ভারতকে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পান গিল।বোর্ড সূত্রের খবর, এখনও দীর্ঘ সময় ব্যাট করলে ঘাড়ে ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক। এরইমধ্যে নতুন করে চোট পেলেন গিল।
বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পান। প্রথম বার নেটে ব্যাটিং করার সময় চোট পান , তাঁর বুড়ো আঙুলে আঘাত লাগে। মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। নেট থেকে বেরিয়ে আসেন। ছুটে আসেন দলের ফিজিয়ো। কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেন গিল, পরে ফিল্ডিং করার সময় ডান হাতে ফের চোট পান।
যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর অধিনায়কের চোট গুরুতর নয়। প্রস্তুতি ম্যাচ খেলতে তাঁর সমস্যা হবে না। প্রথম বার অধিনায়ক হিসাবে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন শুভমন।
অনুশীলনের পর গিলদের সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বার্তা দিয়ে গম্ভীর বলেন, “আমরা জানি, কোন লক্ষ্য নিয়ে খেলতে নামব। আমরা জানি, সামনে কী আছে। আমরা নিজেদের সেরাটা দেব।সব জবাব যেন আমাদের কাছে থাকে। ১৫ তারিখ সকালে ব্যাটিং বোলিং যাই করি না কেন আমাদের সামনে যে চ্যালেঞ্জই আসুক না কেন, তার জন্য যেন আমরা তৈরি থাকি। ”
১৫ অগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। গলে হবে প্রথম টেস্ট। ২৩ অগস্ট থেকে কলম্বোয়দ্বিতীয় টেস্ট খেলবে শুভমানরা। সিরিজ শুরুর আগে ৭ অগস্ট থেকে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতীয় দলে একের পর এক ক্রিকেটার চোট পাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রধান ফিজিয়োথেরাপিস্ট কমলেশ জৈনও স্ক্যানারের তলায়, কেন বার বার ক্রিকেটারেরা চোট পাচ্ছেন, কেন চোট সারতে সময় লাগছে, চোট সারার পরেই আবার কেন তাঁরা চোট পাচ্ছেন, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি ভারতীয় দলে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে সোহম দেশাইয়ের বদলে আদ্রিয়ান লে রু-কে আনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।
















