চিঠির মাধ্যমে নয়, এবার বঙ্গ ক্রিকেটে সরাসরি সৌরভ বনাম অভিষেক(Sourav Ganguly and Abhisek Dalmiya )। রাজ্য পালাবদলের পরই ময়দানে সক্রিয় হয়েছেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। সম্প্রতি সিএবিতে ছিল বিশেষ জরুরি সভা। যুগ্ম সচিব পদে নির্বাচনের জন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় আগেই সিএবির বিশেষ সাধারণ সভা স্থগিত রেখেছিলেন ইলেক্টোরাল অফিসার। সেই বৈঠকেও সংঘাত প্রকাশ্যে চলে এল।
লোধা নিয়ম মেনে সিএবি চলছে না। এমন অভিযোগ উঠছে। ৭০ বছর বয়স পূর্ণ হলে এবং সংস্থার প্রশাসনে ৯ বছর মেয়াদ শেষ হওয়ার পর সিএবিতে প্রতিনিধিত্ব করতে পারবেন না। বৈঠকে প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও প্রাক্তন সচিব নরেশ ওঝার মধ্যে লোধা আইনে কারা যোগ্য, কারা অযোগ্য, তা নিয়ে যুক্তি-পাল্টা যুক্তির একটা পর্ব চলছিল। এরইমধ্যে অভিষেক ঘনিষ্ঠ এক কর্তা কিছু বলতে গেলে বর্তমান সহ সভাপতি টেবিল চাপড়ে প্রতিবাদ করেন। এতেই পরিস্থিতি জটিল হয়ে উঠে এবং উত্তপ্ত হয় বৈঠক।
বঙ্গ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, যা কিছু হচ্ছে নিয়ম মেনেই হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে বার্ষিক সাধারণ সভাতে যুগ্মসচিব, সচিব (বাবলু কোলের ৯ বছর মেয়াদ শেষ হবে ) এবং অ্যাপেক্স কাউন্সিল কমিটির একটি শূন্য পদ পূর্ণ করা হবে। যদি কারও আপত্তি থাকে তাহলে আদালতে যেতেই পারেন।
অভিষেক ডালমিয়া সৌরভকে উদ্দেশ্য করে বলেন, জরুরি সভায় অ্যাপেন্ডিংক্স 'এ' প্রতিনিধিদের হাতে থাকা বাধ্যতামূলক। কিন্তু তা সার্কুলেট করা হয়নি। উত্তরে সৌরভ জানান, এই নিয়মেই সিএবির সভা হয়ে এসেছে। এর আগে এই এই নিয়মেই হয়েছে। পাল্টা জবাবে অভিষেক বলে ওঠেন, অতীতে ভুল হয়ে থাকলে সেই ভুল বার বার হবে কেন? শুধরে নেওয়া উচিত। পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বিশ্বরূপ দে। তিনিও অভিষেককে নিশানা করেন।
এর আগে চিঠি, পাল্টা চিঠিতে উত্তাল হয়েছে ময়দান। আরও স্পষ্ট করে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে খোলা চিঠি দিয়েছিলেন CAB-র প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। সেখানে নাম না করে তিনি CAB-র দুর্নীতির দিকে অভিযোগ তুলেছিলেন। এরপর ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে চিঠি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ক্রীড়ামন্ত্রীকে দেওয়া চিঠিতে অভিষেক সরাসরি সিএবি বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম না করলেও সিএবির-র দেওয়া চিঠিতে অভিষেক ডালমিয়ার নাম বলা ছিল।
আগামী সেপ্টেম্বরে সিএবির এজিএম, একাধিক পদ খালি হবে সেই সময়ে। ফলে অনেক বছর পর সিএবিতে নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে।
















