অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। সংক্রমণ এবং শ্বাসকষ্ট হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নিরূপা দেবী। প্রথমে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এরপর ত্বকে কিছু সমস্যা দেখা যায়। ৭৭ বছর বয়সী নিরুপা দেবীকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি চিকিৎসাকরা। তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।
হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে মহারাজের মায়ের মূত্রনালীতে সংক্রমণ হয়েছে। আইসিইউ থেকে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনিষ গঙ্গোপাধ্যায় পরিবারের পারিবারিক চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞ আফতাব খানও তাঁকে দেখছেন। এখন উদ্বেগের কোন কারণ নেই বলেই জানা গিয়েছে।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শ্রী অর্পিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আশা করা যাচ্ছে খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। এর আগেও গত বছর অগাস্ট মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জ্বর গলা ব্যথাসহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিরূপা দেবী। কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। ১৩ মাসের ব্যবধানে ফের তাকে হাসপাতালে ভর্তি করতে হল।
বর্তমানে শহরেই আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিবারের সদস্যরা নিয়মিত হাসপাতালে যাচ্ছেন।
















