ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম শ্রেষ্ঠ আইকন মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীকে স্মরণ করে শ্রদ্ধা জানালো রাজ্য সরকার ।শনিবার নবান্ন সভা ঘরে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।এই অনুষ্ঠান থেকেই আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আরও বেশি বাংলার প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলার প্রতিনিধি সংখ্যা ক্রমেই আছে কমছে সফল হওয়া টা পরের বিষয়। আগে প্রতিনিধিত্ব করাটাই বড় আমরা যখন দেখি পাশের রাজ্য ওডিশা খেলাধুলায় কত এগিয়ে গিয়েছে ।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিগত কয়েক বছরে ক্রীড়াক্ষেত্র চরম অবহেলিত হয়েছে। বাংলায় মেধা ও প্রতিভার অভাব না থাকলেও পরিকল্পনা ও পরিকাঠামোর অভাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব নাকি তলানিতে ঠেকেছে। এর প্রতিকার হিসেবে তিনি ঘোষণা করেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে। চলতি অর্থবর্ষেই ১০০টি স্টেডিয়াম তৈরির জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানান তিনি।
এদিন ১৪৫ জন কৃতী ক্রীড়াবিদকে সংবর্ধনা এবং ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, ব্লক ও জেলা স্তরেও তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ক্রীড়াবিদদের চাকরির প্রসঙ্গ টেনে পূর্বতন সরকাররের সমালোচনা করে বলেন, ২০১৫ সাল থেকে আটকে থাকা একাধিক ফাইল তিনি নিষ্পত্তি করে তাঁদের নিয়োগের ব্যবস্থা করেছেন। স্পোর্টস কোটায়, বিশেষ করে পুলিশে নিয়োগের আশ্বাসও দেন তিনি।
কেন্দ্রের ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় আরও বেশি প্রকল্প এনে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিগত কয়েক বছরে বাংলা থেকে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন একাধিক ক্রীড়াবিদ এবার সেই ব্যবস্থার বদল আনতে চাইছে রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, বাংলার ছেলে মেয়েরা যাতে এখানে অনুষ্ঠান করে ভারতের হয়ে অলিম্পিক এশিয়ার বা অন্য গেমসে অংশ নিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।
জাতীয় ক্রীড়া দিবস পালিত হল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র পূর্বাঞ্চলীয় কেন্দ্রে ও। সাই এনসিওই (SAI NCOE)-র ভারপ্রাপ্ত আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্রের নেতৃত্বে শনিবার, ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হকি কিংবদন্তির ১২১-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খান। এ ছাড়া প্রাক্তন ও বর্তমান তারকা ক্রীড়াবিদদের চাঁদের হাট বসেছিল সাই ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন ভারতীয় হকি দলের প্রাক্তন দিকপাল ও অলিম্পিয়ান গুরবক্স সিং, এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার, প্রাক্তন অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়, ২০০২ ও ২০০৬ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট সোমা বিশ্বাস, টেবিল টেনিস তারকা সৌম্যদীপ রায়, মৌমা দাস, ঐহিকা মুখোপাধ্যায়, শুটার জয়দীপ কর্মকার, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ কুন্তল রায় এবং তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়। ফুটবল তারকা বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রীতম কোটাল, সুভাষ চক্রবর্তী এবং রহিম নবীদের উপস্থিতিও অনুষ্ঠানকে বাড়তি মাত্রা দেয়।
অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় কলকাতার উঠতি প্রতিভাদেরও। চলতি বছরের শুরুতে হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনাজয়ী ‘সাই’ অ্যাথলিট তাহুরা খাতুন এবং উদীয়মান টেবিল টেনিস তারকা সিন্ড্রেলা দাসকে বিশেষ সম্মান জানানো হয়।















