ভারতের মূল তারকা পেসার জশপ্রীত বুমরাহর চোট বিতর্কের পর সাবধানী টিম ইন্ডিয়া। নির্ভরযোগ্য টেস্ট ওপেনার সাই সুদর্শনকে (Sai Sudarshan) ছাড়াই দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কায় পৌঁছল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রতিবেশী রাষ্ট্রে খেলার সূচি অনুযায়ী টিম ইন্ডিয়ার দল নির্বাচনের আগে থেকেই চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতের দুই তারকা প্লেয়ার। হাঁটুতে অস্বস্তির কারণে ছিটকে গেছেন বুমরাহ। তাঁর পরিবর্তে দলে জম্মু-কাশ্মীরের আকিব নবী। অন্যদিকে ১০০ শতাংশ ফিট না হওয়ায় সুদর্শনও দলের সঙ্গে গেলেন না। ভারতের স্পিন শক্তির উপর ভরসা করে দুজন নতুন স্পিনারকে দলে রাখতে চাইছেন শুভমন। সেই হিসেবে খেলতে পারেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার ও সারাংশ জৈন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) এক কর্তার কথা অনুযায়ী, “সুদর্শন সিওই-র নেটে ঘণ্টাখানেক ব্যাটিং করেছেন। আরও কয়েকটা দিন দেখে ওর ফিটনেস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" আগামী ৭ আগস্ট কলম্বোয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তার আগে সুদর্শন ফিট হবেন কি? তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ বোর্ড কর্তারা। অন্যদিকে স্পিনারদের সুযোগ দিতে তনুশ কোটিয়ান, হর্ষ দুবে, শিবাং কুমার এবং বিপ্রাজ নিগমকে নেট বলার হিসেবে নিয়ে গেছে ভারত।