লর্ডসের (Lord's) ব্যালকনিতে আবারও দেখা গেল ভারতীয় ক্রিকেটের চেনা আবেগ। তবে এ বার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নন, সেই মুহূর্তের নায়ক ভারতের বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারেরা। ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে উঠে জার্সি খুলে উচ্ছ্বাসে মাতলেন তাঁরা। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির (NatWest Trophy) ফাইনাল জয়ের পর সৌরভের সেই উদ্যাপনের ২৪ বছর পর একই মাঠে যেন নতুন করে লেখা হল সেই দৃশ্য।
ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে। অধিনায়ক মাদিজ মাগরা (Captain Madiz Magra) মাত্র ১৯ বলে অপরাজিত ৬৩ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। তাঁর সঙ্গে অর্জুন গাওরের (Arjun Gaore) ৪৪ বলে ৬৮ রানের ইনিংসও ভারতের রানের গতি বাড়ায়। জবাবে শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। ১৩.৪ ওভারে মাত্র ৮৮ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। বল হাতে হিলাল আহমেদ ওয়ানি ২১ রান খরচ করে ৪ উইকেট এবং জয়েশ পারমার ১৪ রানে ৩ উইকেট নিয়ে ভারতকে সহজ জয় এনে দেন।
১১৮ রানের বড় জয় নিশ্চিত হতেই বদলে যায় লর্ডসের পরিবেশ। ভারতীয় দলের ক্রিকেটারেরা ব্যালকনিতে উঠে আনন্দে মেতে ওঠেন। কয়েক জন জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন, এক কর্তার হাতে দেখা যায় কোট ঘোরানোর দৃশ্যও। মুহূর্তেই ফিরে আসে ২০০২-এর স্মৃতি। সে বার ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল ভারত। মহম্মদ কাইফ ও জাহির খানের হাত ধরে জয় নিশ্চিত হওয়ার পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উল্লাস করেছিলেন সৌরভ। সেই ছবি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও অন্যতম পরিচিত দৃশ্য।
সৌরভের সেই কাণ্ড নিয়ে পরবর্তী সময়েও কম আলোচনা হয়নি। বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) জানিয়েছিলেন, ব্যালকনিতে তাঁর পাশেই থাকা রাহুল দ্রাবিড় বার বার সৌরভকে জার্সি পরে নেওয়ার কথা বলছিলেন। কিন্তু জয় এবং আবেগের মুহূর্তে নিজের সিদ্ধান্তেই ছিলেন সৌরভ। পরে ডোনা গঙ্গোপাধ্যায়ও জানিয়েছিলেন, আবেগের বশেই সৌরভ নিয়ম ভেঙেছিলেন এবং পরে নিজেও স্বীকার করেছিলেন যে এমনটা করা উচিত হয়নি। এত বছর পর লর্ডসের একই ব্যালকনিতে ভারতের বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের উদ্যাপন সেই পুরনো স্মৃতিকে ফের এক বার সামনে নিয়ে এল।
















