কলকাতায় মেসি কাণ্ডের পর যাঁরা প্রিয় তারকাকে এক ঝলক সামনে থেকে দেখতে না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, এবার তাঁদের জন্য সুখবর। ফের তিলোত্তমায় আসতে পারেন লিওনেল মেসি (Lionel Messi)! ফুটবলের দুনিয়ায় বাঁ পায়ের জাদুকরকে আরও একবার এই শহরে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন আয়োজক শতদ্রু দত্তই (Shatadru Dutta)। সূত্রের খবর, চলতি বিশ্বকাপের (FIFA WC 2026)পরই সম্ভবত চুক্তি সই হতে পারে। শোনা যাচ্ছে এবার নাকি শুধু ঘুরতে আসা নয়, কলকাতায় ম্যাচও খেলতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক!
২০২৫ সালে ভারত সফরে আসেন লিও (Lionel Messi)। হায়দরাবাদ, মুম্বই, দিল্লিতে কোনও সমস্যা না হলেও কলকাতায় রীতিমতো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় ফুটবলের রাজপুত্রকে। সল্টলেকের যুবভারতীতে চরম বিশৃঙ্খলার জেরে সময়ের আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। এরপর শতদ্রুর গ্রেফতারি থেকে শুরু করে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ-তদন্তের মাঝেই ভক্তদের মনে ফের আশার আলো। খুব তাড়াতাড়ি নাকি এলএম ১০ (LM 10) ফের কলকাতায় আসবেন। সরকারি ভাবে এই নিয়ে কিছু জানানো না হলেও সূত্রের খবর শতদ্রু (Shatadru Dutta) ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে মেসির টিমের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। প্রাক্-মরসুম প্রস্তুতির জন্য ইন্টার মায়ামির ভারত -বাংলাদেশ সফরে (India - Bangladesh Tour) আসার কথা। সেই দলে থাকবেন লিও স্বয়ং। সেই সফরেই তিলোত্তমার ফুটবলপ্রেমীদের ২০১১-র স্মৃতি উসকে দিয়ে ম্যাচ খেলতে পারেন মেসি। সম্ভবত চলতি ফিফা বিশ্বকাপে পর শেষ হওয়ার পর চুক্তি স্বাক্ষরিত হলে দিনক্ষণ নির্ধারিত হবে।
















