গত বছর ডিসেম্বর মাসে কলকাতা শহরে এসেছিলেন মেসি। যুবভারতীতে মেসি ইভেন্টের ঘটে ভয়ানক বিশৃঙ্খলা। তারপর কেটে গিয়েছে প্রায় নয় মাস। মামলা চলছে আদালতে। কিন্তু যারা কষ্ট করে টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন তারা এখনও টাকা ফেরত পাননি ।জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান থেকে এই বিষয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

 নবান্ন সভাঘরে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষনে উঠে এলো মেসি কান্ডের কথাও। তিনি জানান, জোম্যাটো ডেলিভারি বয় থেকে শুরু করে সাধারণ তরুণ ভক্তেরা ৪,০০০, ৬,০০০ এমনকি ৮,০০০ টাকা দিয়ে টিকিট কেটে চরম প্রতারণার শিকার হয়েছেন। এই ৩৩ হাজার ভুক্তভোগী ক্রীড়াপ্রেমীর খোয়া যাওয়া টাকা কীভাবে ফেরত দেওয়া যায়, সেই বিষয়ে রাজ্য সরকার অভ্যন্তরীণ ভাবে জোরকদম আলোচনা ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন, সরকার এই অর্থ ফিরিয়ে আনতে সক্ষম হবে। ৩৩ হাজার প্রতারিত মানুষকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

 

রাজ্যে ক্ষমতার হাতবদল হতেই এবার ক্লাব এবং ক্রীড়া সংগঠনগুলোর ওপর দাপট ব বাড়াচ্ছেন বিজেপি নেতারা। শাসকদলের নেতা-মন্ত্রীরা যেন রাতারাতি সব ক্লাবের হর্তাকর্তা হয়ে বসতে চাইছেন। আর এর মাঝেই শনিবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল উল্টো সুর! ক্রীড়া সংগঠনগুলিকে রাজনীতির প্রভাবমুক্ত করার পক্ষে সওয়াল করলেন তিনি। 

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, "শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ক্রীড়া সংস্থাগুলি পরিচালিত হওয়া উচিত নয়।"