সিনেমার পর্দায় তাঁকে বল পায়ে দেখা গিয়েছে আদেই, এবার রিলের বদলে রিয়েল দুনিয়ায় ফুটবল খেলতে দেখা যাবে টাইগার শ্রফকে(Tiger Shroff )  । আসন্ন ডুরান্ড কাপে(Durand Cup) অংশগ্রহণ করেছে মুম্বইয়ের এক নতুন ক্লাব, মুম্বে এফসি। এই দলের সঙ্গে যুক্ত আছেন বলিউড অভিনেতা। এবার সেই দলের মার্কি প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারেন টাইগার(Tiger Shroff )।

আসন্ন ডুরান্ড কাপে ৭টি নতুন দল খেলবে, সেই তালিকায় আছে মুম্বে এফসি। তবে টাইগার শুধুই এই ক্লাবের মার্কি প্লেয়ারই নন, ক্লাবের মালিকানাও রয়েছে তাঁর কাছে। ২০২৪ সালে টাইগার ফুটবলের প্রতি ভালবাসা থেকে এই ক্লাব চালু করেন। সঙ্গে ছিলেন দুই ব্যবসায়ী। শুটিংয়ের চাপ না থাকলে মুম্বইয়ের এই ক্লাবের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করতে নেমে পড়েন টাইগার।

গত মরসুমে মহারাষ্ট্র লিগে খেলেছেন টাইগার। সেই সমস্ত ম্যাচের ক্লিপ ভাইরাল হয়েছে। জানা গিয়েছে,  টাইগার খেলবেন এই প্রতিশ্রুতি পেয়েই মুম্বে এফসি-কে ডুরান্ডে সুযোগ দেওয়া হয়েছে।

ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, “ডুরান্ডে আমাদের ক্লাবের হয়ে টাইগার হয়তো একটি ম্যাচ খেলতে পারেন। কিন্তু সেটা ১৮ জুলাইয়ের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমরা আশাবাদী উনি একটা ম্যাচ খেলবেন। প্লেয়ার রেজিস্ট্রেশন হওয়ার সময়ই পুরো বিষয়টা পরিষ্কার হবে।”