ক্রিকেট মাঠে আম্পায়ারের আঘাত পাওয়া নতুন কোনও বিষয় নয়। কিন্ত সেই আঘাতের জেরে আইসিইউ-তে ভর্তি হতে হল আম্পায়ারকে। ঘটনাটি ঘটেছে দিল্লি প্রিমিয়ার লিগে( Delhi Premier League)। ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যে ম্যাচে গুরুতর আহত হলেন আম্পায়ার।
লক্ষয় থারেজার জোরালো শটে গুরুতর আঘাত পান ধর্মেশ ভরদ্বাজ(Umpire Dharmesh Bhardwaj)। প্রথমে ব্যাট করে রাইডার্স ১৯২ রান তোলে। জবাবে ব্যাটিং করতে নেমে ম্যাচ হারে টাইগার্স। রান তাড়া করার সময় দিল্লির তরুণ ব্যাটার লক্ষয় থারেজা বড় শট মারার চেষ্টা করেন। ১৮ তম ওভারে আশিস মীনার বল স্ট্রেট ড্রাইভ মারেন লক্ষয়। জোরে মারা সেই শট সোজা গিয়ে লাগে আম্পায়ার ধর্মেশের ডানদিকের গালে।
আম্পায়ার গাল ধরে বসে পরেন। আতঙ্কিত হয়ে পড়েন ব্যাটার লক্ষয়। এমনকি নন স্ট্রাইকার এন্ডে থাকা ব্যাটারও অবাক হয়ে যান। প্রথমে তাঁর চোট কতটা গুরুতর সেটা বোঝা যায়নি। মাঠে তাঁর প্রাথমিক শ্রশ্রুষা হয়। পরে তাঁকে দ্রুত দিল্লির একটি হাসপাতালে ভর্তি করতে হয়। জানা গিয়েছে, আপাতত ধর্মেশকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষানিরীক্ষা করছেন।
আম্পায়াররা অনেক সময়ই গার্ড ব্যবহার করেন। কিন্তু অনেক সময়ই আম্পায়াররা সেটা ব্যবহার করেননা এই ঘটনার পর আম্পায়ারদের হেলমেট ব্যবহার করার দাবি আরও জোরালো হল।
















