ভারতীয় ক্রিকেটে বিশ্ময় বালকের নাম বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। এবার কিশোর ক্রিকেটারের মুকুটে নয়া পালক। ১৫ বছরের বয়সেই  পূর্বাঞ্চলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করলেন বৈভব(Vaibhav Sooryavanshi)। দলীপ ট্রফির ম্যাচে মধ্যাঞ্চলের বিরুদ্ধে নেতৃত্ব দিল বৈভব। টিম লিস্টে তাঁর নাম অধিনায়ক হিসাবে ছিল না।

রবিবার সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ১৯তম ওভারে কব্জিতে আচমকা চোট পান ইস্টজোনের অধিনায়ক ঈশান কিষা্ণ। আঘাত গুরুতর হওয়ায় মাঠে ছুটে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর বাধ্য হয়েই মাঠ ছাড়েন ঈশান। সাজঘরের বাইরে ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় ঈশানকে। তাঁর অনুপস্থিতিতে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন কুমার কুশাগ্র। তাই ঈশান মাঠ ছাড়তেই অধিনায়কত্ব করেন ভাইস ক্যাপ্টেন বৈভব।

মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির দলের অধিনায়কত্ব করা ভারতের ঘরোয়া ক্রিকেটে নিঃসন্দেহে বিরল ঘটনা। দলে একাধিক সিনিয়র ক্রিকেটার থাকলেও বৈভবকেই শহ অধিনায়ক করা হয়। তবে নির্বাচকেরা তখনই জানিয়েছিলেন, তাৎক্ষণিক নেতৃত্বের প্রয়োজনের কথা মাথায় রেখে নয়, ভবিষ্যতের জন্য তরুণ ক্রিকেটারকে তৈরি করতেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৪ সালের গোড়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক বৈভবের। দলীপ ট্রফিতে এটি তাঁর দ্বিতীয় ম্যাচ।  মহম্মদ শামি, মুকেশ কুমার এবং অভিমন্যু ঈশ্বরণের মতো অভিজ্ঞরা থাকলেও নেতৃত্ব দিলেন বৈভব।দলীপ ট্রফির জন্য দল ঘোষণার সময়ই বৈভবকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এত অল্প বয়সে একজন ক্রিকেটারকে এত বড় দায়িত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে ইস্ট জোনের নির্বাচকরা নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন।

ঈশানের চোট কতটা গুরুতর তা জানানো হয়নি পূর্বাঞ্চল শিবির থেকে। মাঠ থেকে উঠে যাওয়ার পর ডান হাতের কব্জিতে মোটা ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বৈভব আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে পূর্বাঞ্চলকে।